১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

আগামী এক বছর ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে সরকার : তথ্যমন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
এপ্রিল ১৪, ২০২৬ ৯:৩৮ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, বাংলা নববর্ষ বা পহেলা বৈশাখ হচ্ছে উৎসব ও আনন্দের দিন, যেখানে কোনো ধর্ম, বর্ণ বা বিভেদ থাকবে না। কৃষকদের অবদানকে সম্মান জানিয়ে সরকার এবারের নববর্ষ ও আগামী একটি বছরকে দেশের ‘কৃষি নির্ভর অর্থনীতি’র জন্য উৎসর্গ করেছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে জাতীয় নাট্যশালা মিলনায়তনে বাংলাদেশ শিল্পকলা একাডেমি আয়োজিত ‘বাংলা নববর্ষ ১৪৩৩’ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, পহেলা বৈশাখ মূলত বাংলাদেশের কৃষকের অর্থনৈতিক সুবিধার কথা বিবেচনা করেই তৈরি করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই বিশেষ দিনটি টাঙ্গাইলে কৃষকদের সঙ্গে উদযাপন করেছেন, যা কৃষি ও কৃষকের প্রতি সরকারের দায়বদ্ধতারই বহিঃপ্রকাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থেকে দর্শক-শ্রোতাদের নববর্ষের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রীর পলিসি, স্ট্র্যাটেজি, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

সভাপতির বক্তব্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলা বলেন, আজকের এই বৈশাখ সর্বজনীনভাবে কোটি প্রাণে ছড়িয়ে পড়েছে। অর্থনৈতিক উন্নতির পাশাপাশি সাংস্কৃতিক সমৃদ্ধিই এখন আমাদের মূল লক্ষ্য।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন একাডেমির সচিব মোহাম্মদ জাকির হোসেন। আলোচনা সভা শেষে একাডেমির শিল্পীবৃন্দ একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল