২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

চাকসু নির্বাচনে ১০৬৩ প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ১:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোট এক হাজার ৬৩ প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ৪৭৪ এবং হল সংসদের জন্য ৫৮৯ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। তবে ভিপি, জিএস ও এজিএস পদে কতজন প্রার্থী মনোনয়ন নিয়েছেন তা এখনও জানানো হয়নি।

‎মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাতে চাকসু নির্বাচন কমিশন অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে মনোনয়নপত্র বিতরণ চলে সন্ধ্যা ৭টা পর্যন্ত। যদিও নির্ধারিত সময় ছিল বিকেল সাড়ে ৩টা। তবে শিক্ষার্থীদের ভিড় বিবেচনায় কমিশন সময় বাড়িয়ে দেয়।

‎নির্বাচন কমিশনার অধ্যাপক ড. কে এম আরিফুল হক সিদ্দিকী বলেন, ‘প্রথম দুই দিন মনোনয়নপত্র সংগ্রহে শিক্ষার্থীদের আগ্রহ তুলনামূলক কম থাকলেও শেষ দিনে ব্যাপক সাড়া পাওয়া গেছে। শিক্ষার্থীদের সুবিধার্থে সময়ও বাড়ানো হয়েছিল। উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন হওয়ায় আমরা আনন্দিত।’


‎তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা নেওয়ার শেষ দিন ১৭ সেপ্টেম্বর বুধবার । মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল