২০২৬ সাল থেকে সম্পূর্ণ নতুন কাঠামোয় অনুষ্ঠিত হতে যাচ্ছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসর। আগামী ২৬ মার্চ থেকে শুরু হয়ে টুর্নামেন্টটি চলবে ৩ মে পর্যন্ত। ৩৯ দিনের এই ক্রিকেট মহাযজ্ঞে মোট ৪৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। আসরটিকে আরও রোমাঞ্চকর করতে দলের সংখ্যা ৬ থেকে বাড়িয়ে ৮-এ উন্নীত করেছে পিএসএল কর্তৃপক্ষ।
পিএসএল গভর্নিং কাউন্সিল জানিয়েছে, দলের সংখ্যা বাড়লেও যেন টুর্নামেন্টের স্থায়িত্ব খুব বেশি দীর্ঘ না হয়, সেজন্য প্রথাগত লিগ পদ্ধতি বাদ দেয়া হয়েছে। কম সময়ে বেশি প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতেই এই নতুন পরিকল্পনার বাস্তবায়ন।
নতুন ফরম্যাট অনুযায়ী এবারের আসরটি তিনটি ধাপে সম্পন্ন হবে। শুরুতে আটটি দল একে অপরের বিরুদ্ধে একবার করে মাঠে নামবে। এখান থেকেই নির্ধারিত হবে পরবর্তী পর্বের ভাগ্য। প্রথম পর্বের পারফরম্যান্সের ভিত্তিতে দলগুলোকে দুটি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে থাকবে চারটি করে দল। এই ধাপে প্রতিটি দল তিনটি করে ম্যাচ খেলার সুযোগ পাবে। মোট ১২টি ম্যাচের মাধ্যমে নির্ধারিত হবে প্লে-অফের টিকিট।
সুপার ফোর পর্ব শেষে দুই গ্রুপের শীর্ষ দুই দল জায়গা করে নেবে প্লে-অফে। আগের সংস্করণগুলোর মতো এবারও চারটি প্লে-অফ ম্যাচের মাধ্যমে চ্যাম্পিয়ন নির্ধারণ করা হবে, যার মধ্যে থাকবে ফাইনাল। নতুন এই নিয়মে প্রতিটি দল অন্তত ১০টি করে ম্যাচ খেলার সুযোগ পাবে, যা আগের মৌসুমগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।
পিএসএলের ১১তম আসরের ম্যাচগুলো পাকিস্তানের করাচি, লাহোর, রাওয়ালপিন্ডি ও মুলতানে আয়োজনের পাশাপাশি প্রথমবারের মতো ভেন্যু তালিকায় যুক্ত হয়েছে ফয়সালাবাদের ঐতিহাসিক ইকবাল স্টেডিয়াম।
/এসএফ

















