১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১২, ২০২৬ ৭:২৯ পূর্বাহ্ণ

মেকআপ আর্টিস্ট রোজা আহমেদের সঙ্গে গায়ক ও অভিনেতা তাহসান খানের বিয়ের এক বছর পূর্ণ হওয়ার কিছুদিনের মধ্যেই তাদের দাম্পত্য জীবন নিয়ে নানা আলোচনা ও গুঞ্জন ছড়িয়ে পড়ে। এসব বিষয় নিয়ে এবার একটি সংবাদমাধ্যমে খোলামেলা কথা বলেছেন তাহসান।

তিনি জানান, শারীরিক ও মানসিকভাবে তিনি বেশ কিছুদিন ধরেই ভালো নেই। তবে এই অবস্থার পেছনের কারণ এখনই প্রকাশ্যে বলতে চান না বলে উল্লেখ করেন তিনি। নিজের মানসিক অবস্থার কথাও স্পষ্টভাবে তুলে ধরেন তাহসান।

সাম্প্রতিক সময়ে তাদের বিবাহবার্ষিকী উদ্‌যাপন নিয়ে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে, সেগুলোকে সম্পূর্ণ ‘ভুয়া’ বলে দাবি করেন তিনি। তাহসানের ভাষ্য অনুযায়ী, তারা কোনো অ্যানিভার্সারি উদ্‌যাপন করেননি এবং এ নিয়ে প্রকাশিত খবরের কোনো সত্যতা নেই। একইভাবে একসঙ্গে জন্মদিন পালন করার খবরও তিনি অস্বীকার করেন।

এ প্রসঙ্গে তাহসান বলেন, “সত্যি বলতে আমাদের বিচ্ছেদ হয়েছে। বিষয়টি সত্য। তবে এ নিয়ে বিস্তারিত আমি পরে কথা বলব।”

বিচ্ছেদের সময় ও কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি অনেক বড় এবং সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত এ নিয়ে কিছু বলতে চান না।

দীর্ঘদিন আলাদা থাকার বিষয়ে তাহসান জানান, গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার আগেই তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেন। সেই সময় থেকেই তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ও গান থেকেও দূরে রয়েছেন। বর্তমানে একা ভ্রমণ করেই তার সময় কাটছে। বই পড়াই এই সময়ে তার প্রধান সঙ্গী।

এই কঠিন সময় দ্রুত কাটিয়ে উঠতে তাহসান সবার দোয়া ও শুভকামনা কামনা করেছেন।

/এনএ

সর্বশেষ - লাইফস্টাইল