১লা আগস্ট, ২০২৬ | ১৭ই শ্রাবণ, ১৪৩৩

নালিতাবাড়ীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রি, ৪ দোকানকে জরিমানা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
আগস্ট ১, ২০২৬ ১০:৪৬ অপরাহ্ণ

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী পৌর শহরে মৃতপ্রায় অসুস্থ একটি গরু জবাই করে মাংস বিক্রির দায়ে একটি মাংসের দোকানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে পশুর স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাইয়ের অভিযোগে আরও তিনটি দোকানকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (১ আগস্ট) সকালে নালিতাবাড়ী শহরের দক্ষিণ বাজার ও আড়াইআনী বাজারের মাংস মহলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, দক্ষিণ বাজারের লালনের মাংসের দোকানে কোনো ধরনের স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই মৃতপ্রায় অসুস্থ একটি গরু জবাই করা হয়। পরে সেই গরুর মাংস বিক্রির প্রস্তুতি নেওয়া হচ্ছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে গিয়ে বিষয়টি শনাক্ত করে। এ ঘটনায় দোকানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া একই বাজারের বাবুলের মাংসের দোকান এবং আড়াইআনী বাজারের সাইফুলের মাংসের দোকান ও আল্লাহর দান মাংসের দোকানে জবাইয়ের আগে পশুর স্বাস্থ্য পরীক্ষা না করানোর দায়ে প্রতিটি দোকানকে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান চলাকালে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম, ভেটেরিনারি সার্জন সাগর আহমেদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে একটি চক্র গভীর রাত বা ভোরে কম দামে অসুস্থ গরু কিনে স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই জবাই করে মাংস বিক্রি করে আসছে। এর আগেও গত বছরের মে মাসে একই মাংস মহলে মৃতপ্রায় একটি গরু জবাই করে মাংস বিক্রির চেষ্টার অভিযোগে একটি দোকানকে জরিমানা এবং জবাইকৃত মাংস জব্দ করেছিল প্রশাসন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আবু সায়েম বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার ভোরে ভটভটিযোগে একটি মৃতপ্রায় গরু আনার সময় পথচারীরা বিষয়টি প্রশাসনকে জানান। পরে ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় গরুটিকে অসুস্থ ও মৃতপ্রায় বলে প্রতীয়মান হয়।

/কেকে


সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত