শেরপুর: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন বলেন, আমরা সবই করতে চাই, তবে আমাদের হাত-পা বাঁধা। আমাদের পর্যাপ্ত ফান্ড নেই। যেটুকু বরাদ্দ আছে, তা দিয়ে যতটুকু কাজ করা সম্ভব, ততটুকুই করব। দেশে গণতান্ত্রিক সরকার এসেছে। আপনাদের সমস্যাগুলো আমরা জানি এবং সেগুলোর সমাধানে কাজ করছি। হয়তো এ বছর তেমন কিছু করতে পারব না, তবে আগামী বছর দৃশ্যমান কাজ করতে পারব বলে আশাবাদী।
মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম, নওকুচি ও গান্ধিগাঁও এলাকায় প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তরের আওতায় নির্মিত সদ্য নির্মিত সড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, আকস্মিক পাহাড়ি ঢল, বন্যা, জলাবদ্ধতা সারাদেশেরই সমস্যা। এখানকার কোন জায়গায় কি সমস্যা সেটি চিহ্নিত করতে হবে। একটা দপ্তর এটার স্থায়ী সমাধান করতে পারবে না। পানি উন্নয়ন বোর্ড, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় এবং এলজিআরডি- এ তিনটি মিলে করতে হবে। স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল প্রকল্প তৈরি করে নিয়ে এলে যতটুকু সম্ভব করে দেওয়ার চেষ্টা করব।
এ সময় প্রতিমন্ত্রীর সাথে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমীন, উপজেলা বিএনপির আহবায়ক মো. শাজাহান আকন্দ, সদস্য সচিব মো. লুৎফর রহমানসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
/কেকে


















