১৪ই জুন, ২০২৬ | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

বসনিয়াকে আটকে দিলো কানাডা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ১৩, ২০২৬ ৮:২১ পূর্বাহ্ণ

প্রথমার্ধে পিছিয়ে পড়েছিল স্বাগতিক কানাডা। তবে দ্বিতীয়ার্ধে কাইল লারিনের গুরুত্বপূর্ণ গোলে হার এড়িয়ে এক পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে তারা।

বিশ্বকাপের গ্রুপ পর্বে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে স্বাগতিকরা।
শনিবার টরন্টো স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দুই দল।

তবে প্রথম সুযোগটিই কাজে লাগায় বসনিয়া। ২১তম মিনিটে কর্নার থেকে ভেসে আসা বলে দুর্দান্ত হেডে জাল খুঁজে নেন জোভো লুকিচ।

আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোলেই দলকে এগিয়ে দেন এই ফরোয়ার্ড।
গোল হজমের পর ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে কানাডা।

বলের দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও বসনিয়ার সুশৃঙ্খল রক্ষণ ভাঙতে পারেনি তারা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।
বিরতির পর ম্যাচের নিয়ন্ত্রণ আরও বেশি নিজেদের হাতে তুলে নেয় কানাডা। একের পর এক আক্রমণে বসনিয়াকে চাপে রাখে স্বাগতিকরা। অবশেষে ৭৯তম মিনিটে আসে কাঙ্ক্ষিত গোল। বক্সের ভেতরে সুযোগ পেয়ে গোল করে কানাডাকে সমতায় ফেরান কাইল লারিন।

শেষ দিকে জয়ের জন্য দুই দলই মরিয়া চেষ্টা চালায়। তবে নির্ধারিত সময়ের বাকি অংশে আর কোনো গোল না হওয়ায় ১-১ সমতাতেই শেষ হয় ম্যাচ।

ম্যাচের আগে একাদশ ঘোষণায় চমক ছিল বসনিয়ার শিবিরে। দলের অভিজ্ঞ স্ট্রাইকার এদিন জেকোকে শুরুর একাদশে রাখেননি কোচ। বিশ্বকাপের সবচেয়ে বয়স্ক ফুটবলারদের একজন হলেও বেঞ্চ থেকেই ম্যাচ শুরু করেন তিনি।

অন্যদিকে, নিজেদের অন্যতম বড় তারকা আলফনসো ডেভিসকে ছাড়াই মাঠে নামে কানাডা। মৌসুমের শেষ দিকে বায়ার্ন মিউনিখের হয়ে খেলতে গিয়ে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়া এই লেফট-ব্যাক পুরোপুরি সুস্থ না হওয়ায় ম্যাচের বাইরে থাকেন।

শেষ পর্যন্ত লুকিচের স্মরণীয় প্রথম আন্তর্জাতিক গোল ও লারিনের সমতাসূচক গোলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দুই দল।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল