১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

লাইভ-অ্যাকশন সিরিজে এবার ‘গড অব ওয়ার’

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ২২, ২০২৫ ১:৫১ পূর্বাহ্ণ

ঢাকা: সনি পিকচার্স টেলিভিশন ও অ্যামাজন স্টুডিওর যৌথ উদ্যোগে নির্মিত হচ্ছে জনপ্রিয় ভিডিও গেম সিরিজ ‘গড অব ওয়ার’ এর লাইভ-অ্যাকশন সংস্করণ। আগামী বছর থেকে শুটিং শুরু হবে এই সিরিজের, যদিও এখনো কোনো কাস্টিংয়ের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি, তবুও গেমের প্রধান চরিত্রগুলোর তালিকা ও চরিত্র বর্ণনা প্রকাশিত হয়েছে, যা ভক্তদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে দিয়েছে। খবর গেম ফ্রাগেরের।

জানা গেছে, সিরিজের কেন্দ্রীয় চরিত্র ‘ক্রেটস’ হিসেবে থাকবেন জায়ন নামের এক অভিনেতা, যিনি যুদ্ধজয়ী, শক্তিশালী একজন ব্যক্তি। তার চরিত্রে দেখা যাবে, তিনি তার অতীতের রক্তাক্ত স্মৃতি ভুলে এক নতুন জীবনে পা রেখেছেন এবং তার ১০ বছরের ছেলেকে বড় করছেন। এই ছেলের নাম আতরেউস, যার ভূমিকায় থাকবেন জোশুয়া। আতরেউস একজন সংবেদনশীল শিশু, যে তার বাবার ভালোবাসা ও স্বীকৃতির খোঁজে আছে।

এছাড়া থাকবে আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র। যেমন- আলেকজান্ডার নামের একজন রহস্যময় ও শক্তিশালী ব্যক্তি, যিনি সম্ভবত ওডিন চরিত্রে থাকবেন। তিনি পরিবার ও শক্তির নিয়ন্ত্রণ নিয়ে শঙ্কিত।

অন্যদিকে গ্লেন চরিত্রটি সম্ভবত বল্ডুর, যিনি ঠাণ্ডা স্বভাবের এবং সব সময় নিজের পরিচয় প্রমাণ করতে চান। আর ফিবি নামের একজন নারী থাকবেন থরের স্ত্রী সিফ চরিত্রে, যিনি সাধারণ জীবন থেকে খ্যাতির শীর্ষে উঠলেও পরিবারের কাছে পুরোপুরি গ্রহণযোগ্য হতে পারেননি।

অ্যামাজনের গ্লোবাল টেলিভিশনের প্রধান ভেরন স্যান্ডার্স বলেন, ‘গড অব ওয়ার’ এমন এক গল্প, যেখানে চরিত্র ও আবেগের গভীরতা বিশ্বজুড়ে দর্শকদের মুগ্ধ করবে।

সনি টেলিভিশনের প্রেসিডেন্ট ক্যাথরিন পোপ বলেন, গেমের হৃদয়ছোঁয়া গল্পকে টিভি সিরিজে রূপ দিতে পারাটা আমাদের জন্য গর্বের বিষয়।

প্লেস্টেশন প্রোডাকশনসের প্রধান আসাদ কিজিলবাশ জানান, ‘গড অব ওয়ার’ প্লেস্টেশনের সবচেয়ে জনপ্রিয় ও পুরস্কারজয়ী গেমগুলোর একটি। এবার আমরা এটি নতুনভাবে দর্শকদের সামনে আনতে চাই।

জানা গেছে, এই সিরিজের গল্প গঠিত হবে ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘গড অব ওয়ার’ গেম এবং সাম্প্রতিক ‘গড অব ওয়ার: র‍্যাগনারক’ গেমের মিশ্রণে।

গল্পে দেখা যাবে, গ্রীক দেবতা ক্রেটোস নিজের অতীত ভুলে নতুন জীবন শুরু করতে নরস পুরাণভিত্তিক মিডগার্ডে চলে আসেন। তার স্ত্রীর মৃত্যুর পর, শেষ ইচ্ছা পূরণের জন্য ছেলেকে সঙ্গে নিয়ে এক বিপজ্জনক যাত্রায় বের হন। এই যাত্রায় বাবা-ছেলের সম্পর্কের পরীক্ষা হবে এবং তারা দেবতা ও দৈত্যদের মুখোমুখি হবেন।

/এনএ

সর্বশেষ - লাইফস্টাইল