১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

শেরপুর-৩ আসনের নির্বাচনে জামায়াত প্রার্থীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ৫, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ

জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে দাখিল করা জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। ৫ মার্চ বৃহস্পতিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন। এ নিয়ে শেরপুর-৩ আসনে মোট ৫ জন বৈধ প্রার্থী টিকে রইলেন।

এ নির্বাচনে বৈধ অন্য প্রার্থীরা হলেন বিএনপি প্রার্থী, সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন, বাংলাদেশ সমাজতান্ত্রিক আন্দোলন (মার্কসবাদী) এর প্রার্থী মো. মিজানুর রহমান ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা। আগামী ১৪ মার্চ মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে। পরদিন ১৫ মার্চ প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। তবে বৈধ প্রার্থীদের মধ্যে স্বতন্ত্র প্রার্থী ও বিএনপি নেতা আমিনুল ইসলাম বাদশা বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মনোনয়নপত্র বাছাইকালে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মিজানুর রহমান ভুঁঞা, জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন জানান, ১৫ মার্চ প্রতীক বরাদ্দের পর প্রার্থীরা নির্বাচনী প্রচার-প্রচারণা শুরু করতে পারবেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইতোমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা নির্বাচন অফিস।

উল্লেখ্য, গত ৩ ফেব্রুয়ারি শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদল মারা যাওয়ায় এ আসনের নির্বাচন প্রথমে স্থগিত ও পরে বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এরপর আগামী ৯ এপ্রিল নির্বাচনে ভোটগ্রহণের দিন ধার্য করে নতুন করে তফসিল ঘোষণা করা হয়।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল