২৯শে জুলাই, ২০২৬ | ১৪ই শ্রাবণ, ১৪৩৩

নকলায় বাড়ির সীমানা নিয়ে বিরোধে কৃষককে ‘গলা চেপে’ হত্যার অভিযোগ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ২৪, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ

নকলা : শেরপুরের নকলায় বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধের জের ধরে খোরশেদ (৫০) নামের এক কৃষককে ‘গলা চেপে’ হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৩ নারীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গনপদ্দী ইউনিয়নের চিথলিয়া পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও নিহতের ছোট ভাই বকুল মিয়া জানান, দীর্ঘদিন ধরে তাদের চাচাতো বোনের স্বামী জুলহাস মিয়ার সঙ্গে পারিবারিক বাড়ির সীমানার রাস্তা নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার সকালে ওই রাস্তা দিয়ে যাওয়াকে কেন্দ্র করে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে জুলহাস মিয়ার পরিবারের সদস্যরা খোরশেদকে একা পেয়ে তার গলা চেপে ধরেন এবং পেছন দিক থেকে শক্ত করে চেপে ধরলে তিনি শ্বাসরুদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন বলে অভিযোগ করেন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল থেকে জুলহাস মিয়ার স্ত্রী জুলেখা বেগম, হাফিজুলের স্ত্রী জোসনা এবং জাকিরের স্ত্রী শারমিন আক্তারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

অভিযুক্ত জুলহাস মিয়ার পরিবারের দাবি, তারা খোরশেদকে স্পর্শও করেননি। জমিসংক্রান্ত বিরোধ নিয়ে উত্তেজনার একপর্যায়ে খোরশেদ নিজেই মাটিতে পড়ে যান। তিনি আগে থেকেই শ্বাসকষ্টে ভুগছিলেন। উত্তেজনার কারণে স্ট্রোক করে তার মৃত্যু হতে পারে বলে তাদের ধারণা। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলেও দাবি করেন তারা।

নকলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবুল কাসেম জানান, জমিসংক্রান্ত বিরোধের জেরে নিহত কৃষক খোরশেদের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। ঘটনাস্থল থেকে তিন নারীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল