শেরপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলা শাখার সেক্রেটারি ও শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের জামায়াত মনোনীত প্রার্থী নুরুজ্জামান বাদলের (৫১) তৃতীয় দফায় নামাজে জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার সময় শেরপুর শহরের পৌর ঈদগাহ মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এ টি এম মাসুম।
এ সময় নুরুজ্জামান বাদলের স্মৃতিচারণ করে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি এটিএম মাসুম, সাংগঠনিক সেক্রেটারি, জামালপুর-২ আসনের জামায়াত প্রার্থী ড. ছামিউল হক ফারুকী, ময়মনসিংহ জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল করিম, শেরপুর জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান, জেলা বিএনপির সাবেক আহবায়ক মো. হযরত আলী, জেলা বিএনপির স্থগিতকৃত কমিটির আহবায়ক আলহাজ্ব অ্যাডভোকেট মো. সিরাজুল ইসলাম, সদস্য সচিব মামুনুর রশীদ পলাশ, শেরপুর-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম, শেরপুর-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া, জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাজ্জামান মাসুম, নুরুজ্জামান বাদলের ছেলে নাজমুস সাকিব, ছোটভাই মো. মাসুদ প্রমুখ।
এরপর বিকেল ৫ টায় শ্রীবরদী সরকারি কলেজ মাঠে দ্বিতীয় জানাজা হয়। তাঁকে শ্রীবরদী পোড়াগাঁও এলাকার দক্ষিণ পাড়াগাঁও গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এতে ইমামতি করেন নুরুজ্জামান বাদলের ছোট ভাই আলহাজ্ব মাসুদুর রহমান মাসুদ।
দ্বিতীয় জানাজায় আরও বক্তৃতা দেন জামায়াত ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পক্ষে কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া,শেরপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মাহমুদুল হক রুবেল, জামায়াতের ঢাকা মহানগর উত্তরের হাতিরঝিল থানার সেক্রেটারি রাশেদুল ইসলাম প্রমুখ।
এদিকে জামায়াত প্রার্থীর নুরুজ্জামান বাদলের মৃত্যুর ঘটনায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বাতিল করা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বুধবার দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন।
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ ওই আসনের সংসদ নির্বাচন স্থগিত ঘোষণার কথা জানান। একইসাথে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে এই আসনে এখন নতুন করে নির্বাচনী তফসিল ঘোষণা করা হবে বলেও জানান তিনি। তবে যারা আগের বৈধ প্রার্থী ছিলেন, তাদের নতুন করে মনোনয়নপত্র দাখিলের কোনো প্রয়োজন হবে না।
নির্বাচন বাতিল প্রসঙ্গে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান বলেন, এই মুহূর্তে নির্বাচন নিয়ে কোন কিছু বলার মতো অবস্থায় আমরা নেই।
বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেল নুরুজ্জামান বাদলের জানাজায় অংশ নিয়ে বলেন, তিনি আমার ভাইয়ের মতো ছিলেন। আমরা দীর্ঘদিন নিভৃতে অনেক সময় কাটিয়েছি। আমি তার আত্মার মাগফেরাত কামনা করি। তবে নির্বাচনের বিষয়ে তিনি তাৎক্ষণিক কিছু বলেননি।
এ ব্যাপারে শেরপুরের জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান জানান, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ অনুযায়ী, ভোটগ্রহণের আগে কোনো বৈধ মনোনীত প্রার্থী মৃত্যুবরণ করলে সংশ্লিষ্ট আসনের নির্বাচনী কার্যক্রম স্থগিত করতে হয়। সেই আইনানুযায়ী শেরপুর-৩ আসনের সংসদ সদস্য নির্বাচন ও গণভোট স্থগিত করা হয়েছে। পরবর্তীতে ইসির তফসিল অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে জেলার বাকি দুটি আসনে যথানিয়মে নির্বাচন অনুষ্ঠিত হবে।
নুরুজ্জামান বাদল (৫১) তাতিহাটি আইডিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ছিলেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর শেরপুর জেলার সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি ১০১ বছর বয়সী মা, স্ত্রী নাসরিন (রাণীশিমুল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক), এক ছেলে নাজমুস সাকিব (৯ম শ্রেণীতে অধ্যয়নরত), এক ভাই মাসুম ও চার বোনসহ অসংখ্য গুণগ্রাহী গেছেন।
গতকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নেওয়ার পথে মারা যান জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল। তিনি দীর্ঘদিন যাবৎ কিডনি জটিলতাসহ ডায়াবেটিসে ভুগছিলেন।
/এসএফ

















