শেরপুর: বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত শেরপুর -১ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সকল অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবস উপলক্ষে শেরপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর সদর শাখার উদ্যোগে “Run to Build Sherpur with Rashedul Islam” শীর্ষক ম্যারাথন শেষে সমাবেশে তিনি একথা বলেন। ম্যারাথনটি শেরপুর শহরের খোয়ারপাড় মোড় থেকে থানা মোড় গিয়ে শেষ হয়। ম্যারাথনে সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে হাজারো মানুষের উপস্থিতিতে বিজয় দিবসের চেতনাকে নতুনভাবে উদযাপন করা হয়।
সমাবেশে হাফেজ রাশেদুল ইসলাম বলেন, বাংলাদেশের বিজয়ের পূর্ণ কৃতিত্ব আমাদের বীর মুক্তিযোদ্ধা ও এ দেশের আপামর জনগণের। এই বিজয় ও সার্বভৌমত্ব রক্ষায় কোনো ষড়যন্ত্র সফল হতে দেওয়া হবে না। জনগণকে সঙ্গে নিয়েই সকল অপচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা হবে।
দেশের চলমান পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ যখন সামনের দিকে এগিয়ে যাচ্ছে, তখন একটি কুচক্রী মহল অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে। তবে সকল বাধা অতিক্রম করে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও শক্তিশালী বাংলাদেশ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখার আমির মাওলানা হাফিজুর রহমানসহ জেলা ও উপজেলা পর্যায় এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
/এফএস/কেকে


















