১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

হাদি হত্যাচেষ্টা: শেরপুর সীমান্ত পারাপারে সহায়তাকারী ২ জন আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ১৫, ২০২৫ ১০:১৮ অপরাহ্ণ

শেরপুর: জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জড়িতদের পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আটক দুজন হলেন আন্দারুপাড়া এলাকার ফিলিক্সের ছেলে বেঞ্জামিন চিরান (৪৫) ও নিকোলাস রেমার ছেলে চিসল নেংমিনজা (২৩)।

সোমবার (১৫ ডিসেম্বর) সকালে নিজ বাড়ি থেকে তাদের আটকের পর সন্ধ্যায় বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম এতথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেন। 

শরিফুল ইসলাম, জানান, ওসমান হাদির ওপর গুলির ঘটনায় সীমান্তে সতর্ক বিজিবি। এরই ধারাবাহিকতায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত থেকে জড়িতদের পারাপারে সহায়তাকারী ফিলিপের দুই সহযোগীকে আটক করা হয়।

এর আগে, ময়নসিংহের ৩৯ বিজিবির সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, গত শুক্রবার (১২ ডিসেম্বর) ঢাকায় ওসমান হাদির ওপর গুলি বর্ষণের পর, অভিযুক্তদের পালানো ঠেকাতে বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে ৩৯ বিজিবির অধীন সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়।

পরদিন, শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানের মাধ্যমে সন্দেহভাজন হিসেবে নালিতাবাড়ী উপজেলার বারমারী বটতলা সংলগ্ন আন্দারুপাড়া শ্বশুরবাড়িতে অবস্থানরত ফিলিপ নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হলেও ফিলিপ আগেই পালিয়ে যায়।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল