বাগেরহাটের রামপালে সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত এবং আরও কয়েকজন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখেন, আজ খুলনা-মোংলা মহাসড়কে বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। বিয়ের অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনা ঘটে। মোংলা পৌর ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাকসহ তার পরিবারের ১০ জন নিহত হয়েছেন বলে জানা গেছে।
(ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাইহি রাজিউন)। গুরুতর আহত ২ জন খুলনা মেডিকেলে চিকিৎসাধীন। আমি বাগেরহাট জেলা প্রশাসক ও পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। মাননীয় প্রধানমন্ত্রী দুর্ঘটনায় হতাহতদের খোঁজখবর রাখছেন এবং গভীর সমবেদনা জানিয়েছেন।
আমি শোকার্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানাই। মহান আল্লাহ রাব্বুল আলামীন ধৈর্য্য ধারণ করার তৌফিক দিন এবং নিহত সবাইকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।
এদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীও এ ঘটনায় শোক জানিয়েছেন। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে বলেন, বৃহস্পতিবার বিকেলে খুলনা-মোংলা মহাসড়কের বাগেরহাটের রামপালের গুনাই ব্রিজ এলাকায় নৌবাহিনীর গাড়ির সঙ্গে যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে ১৩ জন নিহত হওয়ার ঘটনায় আমি গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।
এই ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নারী, শিশু ও সাধারণ যাত্রীদের প্রাণহানির সংবাদ অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। হঠাৎ করে এভাবে এতগুলো তাজা প্রাণ ঝরে যাওয়া জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।
তিনি আরও বলেন, আমি দুর্ঘটনায় নিহতদের রূহের মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। একই সঙ্গে মহান আল্লাহ তাআলার কাছে আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
মিয়া গোলাম পরওয়ার উল্লেখ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব হয়।
বৃহস্পতিবার বিকেলে বাগেরহাটের মোংলা–খুলনা মহাসড়কের রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর স্টাফবাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এখন পর্যন্ত ১৪ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১০ জনের এবং রামপাল উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ৪ জনের লাশ রয়েছে।
** ‘আমি বাদে পরিবারের সবাই একই গাড়িতে ছিলেন, সবার মৃত্যু হয়েছে’
** বাগেরহাটে বাস-মাইক্রো সংঘর্ষে বর-কনেসহ নিহত ১৪
/টিটি
















