১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে ধানের শীষের জয়ে বাজিতে মিলল মহিষ, এলাকাজুড়ে ব্যাপক উৎসাহ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ

শেরপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ নকলা-নালিতাবাড়ী আসনের নির্বাচনী ফলাফলকে কেন্দ্র করে উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামে দুই ব্যক্তি ধরে ছিলেন ব্যতিক্রমী বাজি। এই বাজি ধরা নিয়ে এলাকাজুড়ে সৃষ্টি হয়েছে ব্যাপক আলোচনা ও কৌতূহল।

এই আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন প্রকৌশলী মোহাম্মদ ফাহিম চৌধুরী। আর ১১ দলীয় জোটের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে নামেন। এই নির্বাচনে, কে বিজয়ী হবেন এ নিয়ে দুই ব্যক্তি তাদের গৃহপালিত মহিষ নিয়ে ব্যতিক্রমী বাজি ধরেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ (নকলা- নালিতাবাড়ী) আসনে ভোটের আগেই নালিতাবাড়ী উপজেলার কলসপাড় ইউনিয়নের উত্তর নাকশী গ্রামের আব্দুল মান্নান ও একই এলাকার বালুঘাটা গ্রামের আমীর হোসেনের মধ্যে মহিষ নিয়ে এই বাজি ধরা হয়। ওই বাজির শর্ত ছিল- দাঁড়িপাল্লা প্রতীক বিজয়ী হলে আব্দুল মান্নান দেবেন পাঁচটি মহিষ। আর ধানের শীষ প্রতীক বিজয়ী হলে আমীর হোসেন দেবেন একটি মহিষ।

এদিকে, বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে ভোট গণনা শেষে ফলাফলে শেরপুর–২ আসনে ধানের শীষ প্রতীকে মোহাম্মদ ফা‌হিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মু. গোলাম কিবরিয়া ভিপি পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট।

বাজিতে পরাজিত হন আমীর হোসেন। পূর্বনির্ধারিত বাজির শর্ত অনুযায়ী শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) সকালে ঢাকঢোল পিটিয়ে গ্রামবাসীদের সঙ্গে নিয়ে ফুলের মালা দিয়ে সাজিয়ে বাজিতে জেতা একটি মহিষ বুঝে নেন উত্তর নাকশী গ্রামের শিমুলগড়া এলাকার আব্দুল মান্নান। মহিষ নিয়ে বিজয় মিছিলের মতো গ্রামে প্রবেশের সময় উত্তর নাকশীজুড়ে সৃষ্টি হয় এক আনন্দঘন পরিবেশ। শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ ভীড় করেন এ ব্যতিক্রমী দৃশ্য দেখতে। স্থানীয়রা জানান, নির্বাচনী উত্তাপের মধ্যেও এমন অভিনব বাজি ধরা ও তার সঠিক বাস্তবায়ন এলাকায় কৌতূহল ও বিনোদনের খোরাক জুগিয়েছে।

আবদুল মান্নানের ছেলে সোহেল মিয়া বলেন, ‘আমার আব্বা বাজিতে মহিষ জেতায় আমরা সকালে ব্যান্ড পার্টি নিয়ে জামায়াতের ওই সমর্থকের বাড়ি থেকে মহিষ নিয়ে এসেছি।’ 

স্থানীয় বাসিন্দা রিয়াজ আহম্মেদ বলেন, ‘এটা আসলে মজার বাজি ছিল। কিন্তু ফলাফল হওয়ার পর মহিষ নিয়ে বাজনা বাজিয়ে যেভাবে মান্নান ভাই বাড়ি ফিরেছেন, সেটা দেখতে সবাই বের হয়ে এসেছিল।’

কলসপাড় ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল মজিদ বলেন, বাজি ধরার ঘটনাটি একদম ব্যতিক্রমী একটি ঘটনা। এই ঘটনায় উত্তর নাকশীর শিমুলগড়া এলাকার আব্দুল মান্নান তার বাজিতে পাওয়া একটি মহিষ বুঝে নিয়েছেন। এলাকাজুড়ে একটি আনন্দঘন পরিবেশ বিরাজ করছে। 

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল