নারায়ণগঞ্জের বিসিকে এম এস ডাইং, প্রিন্টিং অ্যান্ড ফিনিশিং নামে একটি কারখানায় বিস্ফোরণে ছয়জন দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
রোববার (২৬ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- কারখানাটির শ্রমিক আলআমিন (৩০), আজিজুল্লা (৩২), সেলিম (৩৫), জালাল মোল্লা (৪০), নাজমুল হুদা (৩৫) ও নুর মোহাম্মদ (৩৫)।
দগ্ধরা জানান, সকালে কারখানাটির নিচতলায় বয়লার রুমে কাজ করছিলেন তারা। সকাল সাড়ে ৮টার দিকে সেই রুমে গ্যাস লাইন থেকে বিকট একটি বিস্ফোরণ ঘটে। মুহূর্তেই দাউদাউ করে আগুন জ্বলে উঠে। এতে তাদের ছয়জনের শরীর ঝলসে যায়। সহকর্মীরা সঙ্গে সঙ্গে তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ছয়জনের মধ্যে দুজনকে আইসিইউতে ও তিনজনকে ওয়ার্ডে ভর্তি রাখা রয়েছে। আইসিইউতে থাকা দুজনের অবস্থায় আশঙ্কাজনক। আর শরীরের দুই শতাংশ পুড়ে যাওয়া একজনকে অবজারভেশনে রাখা হয়েছে। তাকে ছেড়ে দেওয়া হবে।
/এসএফ

















