১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

হাদির হত্যাকাণ্ড সুষ্ঠু তদন্তে জাতিসংঘের সহযোগিতা চাইলো সরকার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ৮, ২০২৬ ৪:৪৭ অপরাহ্ণ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের তদন্ত এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনারের কার্যালয়ের (ওএইচসিএইচআর) সহযোগিতা চেয়েছে অন্তর্বর্তী সরকার।

রোববার (৮ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী জেনেভাস্থ বাংলাদেশ স্থায়ী মিশন গত ৬ ফেব্রুয়ারি ওএইচসিএইচআর এর কাছে একটি আনুষ্ঠানিক নোট ভারবাল পাঠিয়েছে। সেখানে হত্যাকাণ্ডের তদন্তে প্রয়োজনীয় কারিগরি ও প্রাতিষ্ঠানিক সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের মানবাধিকার দফতরের সহযোগিতা কামনা করা হয়েছে।

জেনেভাস্থ বাংলাদেশ মিশন থেকে পাঠানো বার্তায় জানানো হয়েছে, ওএইচসিএইচআর থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া মাত্রই তা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হবে।

এদিকে, বাংলাদেশ সরকার পুনর্ব্যক্ত করছে, শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে সরকার দৃঢ়প্রতিজ্ঞ এবং এ ক্ষেত্রে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুসরণ করে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হবে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল