রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ফের ঢাকা কলেজ এবং ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে দিকে উভয় প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ধাওয়া পাল্টা-ধাওয়া এবং মারামারিতে জড়ান। তবে কী কারণে সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
সরেজমিনে দেখা যায়, শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করেছে পুলিশ। এরপর শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে যায়। বিশেষ করে নিউমার্কেট এলাকায় এ পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষের ঘটনায় মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কের উভয় পাশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে।
আরও পড়ুন- ফেসবুকে নানা পরিচয়ে প্রতারণা, প্রতারকের ৭৬ লাখ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত
গত ১০ ডিসেম্বর ফের পাল্টাপাল্টি হামলা-সংঘর্ষে জড়িয়েছিল উভয় প্রতিষ্ঠানের উচ্চমাধ্যমিক শ্রেণীর শিক্ষার্থীরা। এ সময় কলেজের দুটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।
এর আগে, গত বছরের ৯ নভেম্বর নিউমার্কেট থানার মধ্যস্থতায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তি করা হয়। কিন্তু পরবর্তী সময়ে এক মাসও টেকেনি সেই অঙ্গীকার।
/কেকে

















