১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

প্রশাসন-পুলিশ একপাক্ষিক আচরণ করেছে : জামায়াত

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৯, ২০২৬ ৪:০১ অপরাহ্ণ

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, শেরপুরের ঘটনায় পুলিশ ও প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ। প্রশাসন ও পুলিশ সময়মতো ব্যবস্থা নিতে ব্যর্থ হয়েছে এবং একপাক্ষিক আচরণ করে

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ঘটনার প্রতিবাদ জানান তিনি। এসময় শেরপুরের ঘটনার জন্য দায়ীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এহসানুল মাহবুব জুবায়ের।

জামায়াতের এই নেতা বলেন, শেরপুরের ঘটনার প্রতিবাদে বায়তুল মোকাররম থেকে বিক্ষোভ মিছিল করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই সঙ্গে ঘটনায় নিহত ব্যক্তির জানাজায় দলের আমির অংশ নেবেন বলেও জানান তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের প্রতি জনসমর্থনের জোয়ার প্রতিপক্ষরা সহ্য করতে পারছে না। এসব সহিংসতা ও হয়রানির বিষয়ে নির্বাচন কমিশনের কাছেও অভিযোগ জানাবে জামায়াতে ইসলামী।

এহসানুল মাহবুব জুবায়ের অভিযোগ করেন, শেরপুরে বিএনপির প্রার্থী উসকানি দিয়েছে। জামায়াতের নারী কর্মীরা ভোট চাইতে গেলে বিভিন্ন জায়গায় হেনস্তার শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে বিএনপির প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দলটির নেতাকর্মীদের বিষয়ে নজর দিতে হবে, যাতে ভবিষ্যতে এমন ঘটনা না ঘটে।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, সরকারের ওপর তারা এখনও আস্থা রাখতে চান। সরকার যেন তাদের ঘোষণার আলোকে বাস্তবিক অর্থে একটি উৎসবমুখর, অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেয়—এ দাবি জানান তিনি।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল