১২ই জুন, ২০২৬ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

এসএসসির ফল প্রকাশ ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুন ৮, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, এসএসসির ফলাফল ২০ জুলাই প্রকাশ করবো, সেই নির্দেশনা দিয়ে দিয়েছি।

ঢাকা শিক্ষা বোর্ডের একজন কর্মকর্তা জানান, ২০ জুলাই এসএসসি পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিন পূর্ণ হবে।

সাধারণত ৬০ দিনের মধ্যে ফলাফল প্রকাশ করা হয়।
সারাদেশে ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ছিল।
প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রের সংখ্যা ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রীর সংখ্যা ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৫১ হাজার ৯৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৭ হাজার ৩০৫ জন।

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ১ লাখ ৪২ হাজার ৭৯৫ জন ছাত্রী এবং ১ লাখ ৬১ হাজার ৪৯১ জন ছাত্র।

অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী পরীক্ষায় বসে। যার মধ্যে ছাত্র ১ লাখ ১ হাজার ৫০৯ জন এবং ছাত্রী ৩৩ হাজার ১৫১ জন।

পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের পরীক্ষা সম্পন্ন করতে সারাদেশে মোট ৩ হাজার ৮৮৫টি পরীক্ষা কেন্দ্র নির্ধারণ করা হয়। মোট ৩০ হাজার ৬৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশগ্রহণ করে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল