১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

লেবাননে ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত ১৩

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১৯, ২০২৫ ৮:৩৬ পূর্বাহ্ণ

লেবাননের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিনি শরণার্থী শিবির আইন আল-হিলওয়েতে ইসরায়েলের চালানো ড্রোন হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত শরণার্থী শিবিরের একটি মসজিদের পার্কিং এলাকায় থাকা একটি গাড়িকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ)। হামলায় অন্তত চারজন আহত হয়েছে। আল-জাজিরাকে লেবাননের জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আরও আহতদের হাসপাতালে নেওয়া হচ্ছে।

এদিকে ইসরায়েলের দাবি, শরণার্থী শিবিরের একটি প্রশিক্ষণ কেন্দ্রে অবস্থানরত হামাস সদস্যদের লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর আরবি মুখপাত্র আভিখাই আদ্রিয়ি বলেন, “উত্তর সীমান্তে কোনো হুমকি আমরা বরদাশত করব না। লেবাননে হামাসের অবস্থান শক্ত করার চেষ্টা প্রতিহত করতে আমরা কঠোর ব্যবস্থা নিতে থাকব।”

তবে হামাস ইসরায়েলের দাবি অস্বীকার করে বলেছে, শিবিরে তাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নেই। এক বিবৃতিতে সংগঠনটি এটিকে “নিরীহ ফিলিস্তিনিদের বিরুদ্ধে বর্বর আগ্রাসন এবং লেবাননের সার্বভৌমত্বের লঙ্ঘন” বলে উল্লেখ করেছে।

এর আগে মঙ্গলবার লেবাননের দক্ষিণাঞ্চলের অন্য এলাকায় ইসরায়েলি হামলায় দুইজন নিহত হয়।

গাজা উপত্যকায় ইসরায়েলি অভিযানের পর ২০২৩ সালের অক্টোবর থেকে লেবাননে ফিলিস্তিনি গোষ্ঠীগুলোর কয়েকজন নেতা টার্গেট হয়ে নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি যুদ্ধ কাভারেজ অনুযায়ী, এখন পর্যন্ত কমপক্ষে ৬৯ হাজার ৪৮৩ ফিলিস্তিনি নিহত এবং ১ লাখ ৭০ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন। অন্যদিকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয় ১,১৩৯ জন এবং ২০০ জনের বেশি জিম্মি হয়।

যুদ্ধ শুরুর একদিন পর থেকেই লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে রকেট নিক্ষেপ শুরু করে, যার জবাবে ইসরায়েল লেবাননে গোলাবর্ষণ ও বিমান হামলা চালায়। এই সংঘাত ২০২৪ সালের সেপ্টেম্বরে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নেয়। এ যুদ্ধে লেবাননে চার হাজারের বেশি মানুষ নিহত হয়, আর ইসরায়েলে নিহত হয় ১২৭ জন, যার মধ্যে ৮০ জন সৈন্য।

মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় নভেম্বর ২০২৪-এ যুদ্ধবিরতি শুরু হলেও এরপরও ইসরায়েল লেবাননে বহু হামলা চালিয়েছে। যুদ্ধবিরতির পর দেশটিতে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ২৭০ জনের বেশি নিহত এবং অন্তত ৮৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

লেবাননের রাজনৈতিক বিশ্লেষক করিম এমিল বিতার আল-জাজিরাকে বলেন, ‘ইসরায়েল প্রতিদিন যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। লেবানন সরকার তাদের অংশের দায়িত্ব পালন করেছে এবং ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়ে সেনাবাহিনীকে হিজবুল্লাহ নিরস্ত্র করার নির্দেশ দিয়েছে।’ কিন্তু ইসরায়েল সমঝোতার শর্ত মানেনি বলে অভিযোগ তার। যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী ২০২৪ সালের ২৬ জানুয়ারির মধ্যে ইসরায়েলকে দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করতে কথা ছিল, যা তারা বাস্তবায়ন করেনি।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল