১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

ইয়ামালকে থামাতে সর্বোচ্চ চেষ্টা করবে আর্জেন্টিনা: মেসি

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জুলাই ১৮, ২০২৬ ১২:৪৯ অপরাহ্ণ

বিশ্বকাপের ফাইনালে আগামীকাল স্পেনের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা। ম্যাচটি ঘিরে সবচেয়ে আলোচিত বিষয়গুলোর একটি হচ্ছে প্রথমবারের মতো লিওনেল মেসি ও লামিন ইয়ামালের মুখোমুখি লড়াই।

ফাইনালের আগে স্পেনের এই তরুণ তারকার ভূয়সী প্রশংসা করলেও, মাঠে তাকে থামাতে নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে আর্জেন্টিনা বলে জানিয়েছেন মেসি।
নিউইয়র্কে আয়োজিত এক ফ্যান ইভেন্টে মেসি বলেন, ‘সে যখন ছোট শিশু ছিল, তখন আমি তার সঙ্গে একটি ছবি তুলেছিলাম।

আর এখন বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামব—এটা সত্যিই অবিশ্বাস্য। সে এখন বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়।

আমি তার সাফল্য কামনা করি, কারণ ওর ভালো হওয়া মানে বার্সেলোনারও ভালো হওয়া।’
বার্সেলোনার ১৯ বছর বয়সী এই উইঙ্গারের উজ্জ্বল ভবিষ্যতের কথাও তুলে ধরেন আর্জেন্টাইন অধিনায়ক।

তবে প্রশংসার পাশাপাশি ফাইনালে তাকে আটকে দেওয়ার কথাও স্পষ্টভাবে বলেন তিনি।
মেসি বলেন, ‘লামিন অসাধারণ খেলোয়াড়। আমি ওর খেলা খুব কাছ থেকে দেখেছি। মাত্র ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। ওর সামনে ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, যেন এবার অন্তত সে সেটা করতে না পারে।’

বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে খেলতে নামছে আর্জেন্টিনা।

প্রত্যাশার চাপ নিয়ে প্রশ্নের জবাবে মেসি বলেন, ‘চাপ নিয়ে আমরা কখনোই ভাবি না। মাঠে নেমে খেলাটা উপভোগ করাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা জিততে ভালোবাসি, কিন্তু এটাও মনে রাখতে হবে যে প্রতিপক্ষও জয়ের জন্যই মাঠে নামে। সব সময় জেতা যায় না।’

ছোটবেলার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি আরও বলেন, ‘আমি ছোটবেলায় একটি জিনিস শিখেছি—জয়ের চেয়ে হারই বেশি আসে। আর সেই হার থেকেই আমি সবচেয়ে বেশি শিখেছি। এই শিক্ষাই আমাকে একজন মানুষ ও ফুটবলার হিসেবে গড়ে তুলেছে।’

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল