শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে ইয়াবাসহ আটকের ঘটনায় বরুয়াজানি শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাংগঠনিক সম্পাদককে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
শনিবার (৮ আগস্ট) শেরপুর জেলা ছাত্রদলের সভাপতি মো. নাইম হাসান উজ্জ্বল ও সাধারণ সম্পাদক খালিদুজ্জামান সিদ্দিকী আসিফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, শনিবার ভোররাতে উপজেলার রামচন্দ্রকুড়া ইউনিয়নের বিশগিরিপাড়া হ্যান্ডেল মোড় এলাকায় মাদক পাচারের সন্দেহে স্থানীয় লোকজন দেলোয়ার হোসেন (২২), ছাদেক আলী (২৩) ও ফারুক মিয়া (২২) কে আটক করেন। পরে তাঁদের কাছ থেকে ১৪টি ইয়াবা উদ্ধার করে পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ইয়াবা জব্দ করে তিনজনকে গ্রেপ্তার করে।
এ ঘটনার পর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে শহীদ মুক্তিযোদ্ধা কলেজ শাখা ছাত্রদলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাংগাঠনিক সম্পাদক মো. সাদেক হোসেনকে নিজ নিজ পদ থেকে অব্যাহতি দেয় শেরপুর জেলা ছাত্রদল।
/টিটি


















