শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ৬০০ বোতল আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ জব্দ করেছে পুলিশ।
শনিবার (৮ আগস্ট) ভোরে উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় পরিত্যক্ত অবস্থায় এসব মদ জব্দ করা হয়। তবে মাদক চোরাকারবারির সঙ্গে জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের ছোট গজনী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় প্লাস্টিকের বস্তায় মোড়ানো আমদানি নিষিদ্ধ বিভিন্ন ব্র্যান্ডের ৬০০ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মদের আনুমানিক বাজার মূল্য প্রায় ১৬ লাখ ৭৬ হাজার টাকা।
পুলিশের ধারণা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা টের পেয়ে মদ বহনকারীরা সেগুলো ফেলে পালিয়ে গেছে। তবে এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত চলছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম নূর মোহাম্মদ জানান, এ ঘটনায় মাদক চোরাকারবারীর সঙ্গে জড়িত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তবে এ ব্যাপারে ঝিনাইগাতী থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জড়িতদের গ্রেপ্তারের পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
/টিটি


















