১৪ই মে, ২০২৬ | ৩১শে বৈশাখ, ১৪৩৩

সীমান্তবর্তী ৬২ উপজেলায় বিজিবি নির্বাচনী দায়িত্ব পালন করবে : বিজিবি মহাপরিচালক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ৩, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ

শেরপুর: বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত এলাকা নিরাপদ রেখেই সারাদেশে ৪৯৫টি উপজেলার মধ্যে ৪৮৯টি উপজেলায় ৩৭ হাজারেরও অধিক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সীমান্তবর্তী ৬২টি উপজেলায় বিজিবি এককভাবে নির্বাচনী দায়িত্ব পালন করবে। এছাড়াও ড্রোন, বডি-অর্ন ক্যামেরা এবং বিশেষায়িত কে-৯ ডগ স্কোয়াড মোতায়েন থাকবে। একইসাথে বিজিবি মোবাইল ও স্ট্যাটিক ফোর্স হিসেবে দায়িত্বে থাকবে। 

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহিলা আদর্শ ডিগ্রি কলেজে অবস্থিত বেইজ ক্যাম্প পরিদর্শন ও নির্বাচনী কর্মকর্তাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময়কালে এসব কথা বলেন।

বিজিবি মহাপরিচালক বলেন, নির্বাচনে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সরাইল রিজিয়নসহ দেশব্যাপী ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটাররা যেন নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেই এই প্রস্তুতি নেয়া হয়েছে। তিনি নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুন্দরভাবে সম্পন্নের লক্ষ্যে সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনকে সর্বোচ্চ সমন্বয় সাধনের মাধ্যমে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একইসাথে সংশ্লিষ্ট সকলকে অর্পিত দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠা, সততা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশে পালনের দৃঢ় প্রত্যাশা ব্যক্ত করেন।

এসময় বিজিবির অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) ব্রিগেডিয়ার জেনারেল সোহরাব হোসেন, সরাইল রিজিওন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল ইসলাম চৌধুরী, ৩৯ বিজিবি ময়মনসিংহ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ নুরুল আমীন বায়েজীদ, শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, পুলিশ সুপার মো. কামরুল ইসলামসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার নির্বাচনী দায়িত্বে থাকা ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মতবিনিময় শেষে তিনি নির্বাচনী বেইজ ক্যাম্পে দায়িত্বরত বিজিবি সদস্যদের সাথে কুশল বিনিময় করেন। এর আগে দুপুরে হেলিকপ্টারযোগে ঝিনাইগাতী উপজেলা মিনি স্টেডিয়ামে অবতরণ করেন বিজিবি মহাপরিচালক।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল