১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে প্রায় ৪ লাখ টাইফয়েড টিকা দেওয়া হবে

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৮, ২০২৫ ২:২৯ অপরাহ্ণ

শেরপুর: দেশব্যাপী আসছে ১২ অক্টোবর থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই) এর আওতায় টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব রোধে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হচ্ছে। এর অংশ হিসেবে শেরপুর জেলায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশু ও শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে। এখন পর্যন্ত জেলায় ৫৮ শতাংশ রেজিষ্ট্রেশন সম্পন্ন হয়েছে।

জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৬৮০টি টিকা কেন্দ্র ও শিক্ষাকেন্দ্রের বাইরে আরও ১ হাজার ৩৫০টি টিকা কেন্দ্র থাকবে। ১২ অক্টোবর থেকে শুরু হয়ে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস এ টিকাদান কার্যক্রম চলবে।

বুধবার (৮ অক্টোবর) বিকেলে শেরপুর সিভিল সার্জন কার্যালয়ের কনফারেন্স রুমে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন।

তিনি জানান, দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআইয়ের আওতায় স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন ডা. শাহীন বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সরকার বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছে। তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয়, বরং দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধির পাশাপাশি গণমাধ্যমের সহযোগিতা কামনা করেন।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল