২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

নকলায় বাসের চাপায় শিশু নিহত, আহত ৪

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১৬, ২০২৬ ৫:০৮ অপরাহ্ণ

শেরপুর:শেরপুরের নকলায় যাত্রীবাহী বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশায় থাকা নাজিফ (১২) নামে এক শিশু নিহত হয়েছে। এছাড়া এ ঘটনায় একই পরিবারের তিনজনসহ মোট চারজন আহত হয়েছেন।
সোমবার (১৬ মার্চ) দুপুরে ঢাকা-শেরপুর মহাসড়কের নকলা কুর্শা বাইপাস মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নাজিফ জামালপুর সদর উপজেলার মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা পুলিশ কনস্টেবল নজরুল ইসলামের ছেলে। আহতরা হলেন- নাজিফের মা সুমি আক্তার (৩৭), ভাই নাহিদ (৮), বোন নওশিন (১৫) ও সিএনজি চালক (৪৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নজরুল ইসলাম ময়মনসিংহের তারাকান্দি থানায় পুলিশ কনস্টেবল কর্মরত। ঈদ উপলক্ষে তাঁর স্ত্রী ও সন্তানরা সিএনজি অটোরিকশায় করে ময়মনসিংহ থেকে জামালপুর গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে বেলা পৌনে ১২টার দিকে নকলা উপজেলার কুর্শা বাইপাস মোড়ে ঢাকাগামী একটি বেপরোয়া গতির যাত্রী বাস আরেকটি বাসকে ওভারটেক করতে গিয়ে অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাজিফ মারা যায়। দুর্ঘটনায় নজরুলের স্ত্রী সুমা আক্তার, দুই সন্তান নাহিদ ও নওশিন এবং অটোরিকশা চালক গুরুতর আহত হন।
আহতদের মধ্যে সুমা আক্তার ও নাহিদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি দুজনকে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলছে।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল