শেরপুর: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শেরপুর জেলা, জাতীয় যুব শক্তি ও ছাত্র শক্তির উদ্যোগে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে এ মিছিলটি অনুষ্ঠিত হয়। মিছিলটি শেরপুর জেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় বিভিন্ন স্থানে প্রতিবাদী স্লোগানের মাধ্যমে ওসমান হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, ওসমান হাদির মতো একজন প্রতিবাদী কণ্ঠস্বরকে নির্মমভাবে হত্যা দেশের গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। এই নৃশংস হত্যাকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করে দোষীদের আইনের আওতায় আনতে হবে।
বক্তারা আরো বলেন, অন্যথায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও তার অঙ্গসংগঠনসমূহ দেশব্যাপী কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে। এসময় তারা নিহত ওসমান হাদির আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
/এসএফ


















