নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
এই হলে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করছে এনসিপি। এদিন সকাল ৯টা থেকে এ কার্যক্রম শুরু হয়েছে। চলবে ২৪ নভেম্বর পর্যন্ত।
দেশব্যাপী ১০ বিভাগ অনুযায়ী মনোনয়নপ্রত্যাশীদের পৃথকভাবে মতবিনিময় করা হবে। এই পর্যন্ত দেশের ৩শ’টি আসন থেকে সর্বমোট ১৪শ ৮৪ জন এনসিপির মনোনয়ন ফরম জমা দিয়েছেন—তাদের সবাইকে পর্যায়ক্রমে মতবিনিময়ে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হবে।
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা খুব উদ্বেগ, নির্বাচনের জন্য যে লেভেল প্লেয়িং ফিল্ড, তা আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশের যে নির্বাচনী সংস্কৃতি, জবর-দখল, কালো টাকার ব্যবহার, মাসল পাওয়ারের ব্যবহার, এটা নিয়ে নির্বাচনের কথা আমরা শুনেছি। ফ্যাসিবাদের সময় তো মানুষ ভোটই দিতে পারেনি।
নাহিদ ইসলাম বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনের যে শক্ত অবস্থানে থাকা প্রয়োজন, তা আমরা দেখতে পাচ্ছি না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে বলে বেড়াচ্ছেন প্রশাসনকে কীভাবে দখল করতে হবে এবং হাতে রাখতে হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র সদস্য সচিব ও নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি ডা. তাসনিম জারা, দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, মতবিনিময় সভার কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল আমিন, ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, চট্টগ্রাম বিভাগের এস এম সুজা উদ্দিন, কুমিল্লা বিভাগের মো. আতাউল্লাহ, খুলনা বিভাগের ফরিদুল হক, রংপুর বিভাগের ড. আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগের ইমরান ইমন, সিলেট বিভাগের এহতেশাম হক, ময়মনসিংহ বিভাগের আশেকিন আলম, ফরিদপুর বিভাগের নিজাম উদ্দীন ও বরিশাল বিভাগের অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।
/এসএফ

















