ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন পেছালে দেশের সর্বনাশ হবে। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা সন্তানদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
অবিলম্বে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, নির্বাচন পিছিয়ে গেলে দেশের সর্বনাশ হয়ে যাবে। একটি মহল আজ নির্বাচন পেছাতে নানা চক্রান্তে উঠে পড়ে লেগেছে।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীর বর্বরতা তুলে ধরে বলেন, তাদের সঙ্গে যারা হাত মিলিয়ে গণহত্যা চালিয়েছিল, তারা আজ গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে। তিনি মন্তব্য করেন যে, এদের সঙ্গে কোনো আপস হবে না।
/টিটি


















