বিপুল উৎসাহ-উদ্দীপনায় অনুষ্ঠিত হলো দারুননাজাত একাডেমির (3rd Arabic-English Spelling Bee & Vocabulary Competition-2026) তৃতীয় আরবি-ইংরেজি স্পেলিং বি ও ভোকাবুলারি কম্পিটিশন ২০২৬। শব্দের সঠিক বানান, উচ্চারণ ও ভোকাবুলারি দক্ষতার দারুণ পরীক্ষা হয় প্রতিটি পর্বে। শনিবার সকালে (২৯ আগস্ট) প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দারুননাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক। অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শব্দ শুধু শেখার বিষয় নয়— শব্দই গড়ে তোলে ভাষা, আর ভাষাই খুলে দেয় সম্ভাবনার দরজা। ইংরেজি ও আরবি ভাষার শব্দভাণ্ডার, বানানদক্ষতা, মেধা ও আত্মবিশ্বাসকে উদযাপন করতে এ আয়োজন বারবার দরকার। এ আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃষ্টিশীলতা ও ভাষাগত দক্ষতা বৃদ্ধিতে কার্যকর ভূমিকা পালন করে। দারুননাজাত একাডেমি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।
দারুননাজাত একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মু. জিয়াউল হক বলেন, দারুননাজাত একাডেমি একটি ইংরেজি ও আরবি ভার্সন মাদরাসা। শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তুলেতে নানা উদ্যোগ গ্রহণ করেছে একাডেমি। এরই ধারাবাহিকতা আজকের এ প্রতিযোগিতা। আমাদের দৃঢ় বিশ্বাস, আজকের এ প্রতিযোগিতা শিক্ষার্থীদের আরবি ও ইংরেজি ভাষার দক্ষতা আরও বৃদ্ধি করবে।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে শিক্ষার্থীরা বেশ আনন্দিত ও উৎফুল্ল। তারা বলেন, দারুননাজাত একাডেমি নিয়মিতই আমাদের নিয়ে বিভিন্ন প্রতিযোগিতা ও অনুষ্ঠান আয়োজন করে আসছে। এর মাধ্যমে নতুন বিষয় জানা ও শেখার আগ্রহ আমাদের মাঝে বৃদ্ধি পাচ্ছে।
অভিভাবকরা বলেন, দারুননাজাত একাডেমি শিক্ষার্থীদের উন্নয়নে নানামুখী প্রয়াস চালিয়ে যাচ্ছে। নিয়মিত শ্রেণি কার্যক্রমের পাশাপাশি বিতর্ক, মাসনুন দোয়া, কেরাত, ইসলামি সংগীত, চিত্রাঙ্কন, কুইজ ইত্যাদি প্রতিযোগিতা, ইসলামিক কালচারাল প্রোগ্রামসহ নানা ধরনের সহপাঠ্যক্রমের আয়োজন করে চলেছে। এ ধারাবাহিকতা অব্যাহত থাকলে শিক্ষার্থীরা কাঙ্ক্ষিত যোগ্যতা নিয়েই বড় হবে বলে আমরা বিশ্বাস করি।
এবারের আয়োজনে ছিল স্পেল ইট, স্পেল হাইভ, স্পেল রিং, ডিকটেইশন, স্পেল উইজারড্রি ইত্যাদি। শ্রেণিভিত্তিক এ প্রতিযোগিতায় প্রায় দেড় শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
/কেকে


















