১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

জুলাই সনদ বাস্তবায়ন: দলগুলোর সঙ্গে ঐকমত্য কমিশনের সভা আজ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
অক্টোবর ৫, ২০২৫ ১:০৮ পূর্বাহ্ণ

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় খুঁজতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের শেষ না হওয়া আলোচনা আবার শুরু হবে আজ রোববার।

এ সভায় কী নিয়ে আলোচনা হবে সেটির সূচি চূড়ান্ত করেছে কমিশন।

শনিবার নিজেদের মধ্যে বৈঠক করে সেগুলো চূড়ান্ত করেছে বলে কমিশনের বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।

এতে বলা হয়, জুলাই জাতীয় সনদ ২০২৫ নিয়ে চূড়ান্ত পর্বের প্রস্তুতি পর্যালোচনা করেছে ঐকমত্য কমিশন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে তৃতীয় ধাপের আলোচনা করে ঐকমত্য কমিশন। সেই আলোচনার ধারাবাহিকতায় রোববার আবার দলগুলোর সঙ্গে বসবে কমিশন।

এর আগে শনিবার জাতীয় সংসদ ভবনের কমিশন কার্যালয়ের সভাকক্ষে দলগুলোর সঙ্গে বৈঠক করার প্রস্তুতি হিসেবে নিজেদের মধ্যে আলোচনা করেন কমিশনের সদস্যরা।

সভায় সনদ বাস্তবায়নের সম্ভাব্য উপায় নিয়ে এর আগে বিশেষজ্ঞদের দেওয়া মতামত ও পরামর্শ আবার পর্যালোচনা করা হয়।

পাশাপাশি এ বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের কাছ থেকে পাওয়া অভিমতও পুনঃবিশ্লেষণ করা হয়।

বৈঠকে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য বদিউল আলম মজুমদার, সাবেক বিচারপতি মো. এমদাদুল হক, ইফতেখারুজ্জামান ও মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন।

ঐকমত্য গঠন প্রক্রিয়ায় যুক্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত