১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেয়া হচ্ছে খালেদা জিয়ার মরদেহ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ডিসেম্বর ৩১, ২০২৫ ১১:৩২ পূর্বাহ্ণ

ঢাকা: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসা থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হচ্ছে।

বুধবার (৩১ ডিসেম্বর) সকাল ১১টার দিকে মরদেহ বহনকারী গাড়িবহর তারেক রহমানের গুলশানের বাসভবন ত্যাগ করে।

মানিক মিয়া অ্যাভিনিউয়ের পশ্চিম প্রান্তে বাদ জোহর খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তি, কূটনৈতিক মিশনের সদস্য, বিএনপির কেন্দ্রীয় নেতারা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেবেন।

এদিকে জানাজা ও দাফনকে কেন্দ্র করে মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা কঠোর নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুরো এলাকাকে কয়েকটি নিরাপত্তা জোনে ভাগ করা হয়েছে।

জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় শেরেবাংলা নগরে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের পাশে খালেদা জিয়াকে দাফন করা হবে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া মারা গেছেন।

তার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এজন্য রাজধানীর বিভিন্ন মার্কেট বন্ধ রাখা হয়েছে। সেই সঙ্গে দেশে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল