গাজীপুর মহানগরের জোগিতলা এলাকায় পুরাতন মোটরসাইকেলের ক্রেতা সেজে গিয়ে এনসিপির কর্মীকে লক্ষ্য করে গুলি করা হয়েছে। এ সময় তিনি প্রাণে বেঁচে গেলেও দুর্বৃত্তরা তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে গেছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে।
এনসিপির ওই কর্মী হলেন- নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ব্রাহ্মণ বাউগা এলাকার বাসিন্দা মো. হাবিব চৌধুরী (২৫)।
তিনি গাজীপুর মহানগরের বাসন থানাধীন মোগরখাল এলাকায় বসবাস করেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, এনসিপি কর্মী হাবিব চৌধুরী ফেসবুকে একটি পুরাতন মোটরসাইকেল বিক্রির বিজ্ঞাপন দেন। দুই ব্যক্তি ওই মোটরসাইকেল ক্রয় করতে তার সঙ্গে জোগিতলা এলাকায় সাক্ষাৎ করে। একপর্যায়ে মোটরসাইকেলটি চালিয়ে দেখতে একজন মোটরসাইকেলে উঠে বসে।
অন্যজন এনসিপি কর্মী হাবিব চৌধুরীকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করে। তবে গুলিটি তার শরীরে বিদ্ধ হয়নি। এতে তিনি প্রাণে বেঁচে যায়। এ সুযোগে ওই দুইজন মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।
এনসিপি কর্মী হাবিব চৌধুরী জানান, তার পুরাতন মোটরসাইকেল ক্রয় করার কথা বলে ওই দুজন তার সঙ্গে সাক্ষাৎ করে। পরে তাকে লক্ষ্য করে দুটি গুলি করে ওই মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
গাজীপুর মেট্রোপলিটনের অতিরিক্ত পুলিশ কমিশনার তাহেরুল হক চৌহান বলেন, দুর্বৃত্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
/এসএফ
















