১১ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৭শে ভাদ্র, ১৪৩৩

৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ২:১০ অপরাহ্ণ


সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিন আটক।

সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে এই টাকার পরিমাণ অন্তত ৫০ লাখ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদের জন্য সেনা হেফাজতে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা পুলিশ।

পুলিশ সূত্র জানায়, মাওলানা বেলাল উদ্দিন আজ দুপুরে ঢাকা থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করেন। বিমানবন্দর থেকে বের হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হলে ইমিগ্রেশন পুলিশ তাকে থামায়। তল্লাশিকালে তার কাছে থাকা একটি ব্যাগ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেই ওই ব্যাগে ৫০ লাখ টাকা থাকার কথা স্বীকার করেন।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তার কাছে থাকা ব্যাগটি সবার উপস্থিতিতে খোলা হবে। আপাতত তাকে জিজ্ঞাসাবাদের জন্য সৈয়দপুর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে সেনা হেফাজতে নেওয়া হয়েছে।

ঠাকুরগাঁওয়ের পুলিশ সুপার বেলাল হোসেন জানান, বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ঘটনার বিস্তারিত তথ্য পরে গণমাধ্যমকে জানানো হবে।

আটক বেলাল উদ্দিন প্রধান ঠাকুরগাঁও শহরের পূর্ব হাজীপাড়া (স্টেডিয়াম সংলগ্ন) এলাকার বাসিন্দা। তিনি পেশায় স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহযোগী অধ্যাপক। এ ঘটনায় জেলা জামায়াতের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

প্রসঙ্গত, আগামীবার ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ভোটের আগের দিন বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের শীর্ষ নেতার গ্রেফতার জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল