১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে পুলিশের লুট হওয়া শর্টগানসহ যুবক আটক 

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ৯, ২০২৬ ২:২৩ অপরাহ্ণ

শেরপুর: জুলাই গণঅভ্যুত্থানের সময় শেরপুর সদর থানা থেকে লুট হওয়া একটি শটগানসহ এক যুবককে আটক করেছে যৌথ বাহিনী। আটক যুবকের নাম হারেজ মিয়া (৩২)।  তিনি শেরপুর সদর উপজেলার ভাতশালা ইউনিয়নের সাপমারী পশ্চিম সৈনিক পাড়া গ্রামের মৃত জুবেদ আলীর ছেলে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ভোররাতে গোয়েন্দা সংস্থার গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় অভিযান চালিয়ে শটগানসহ তাকে আটক করা হয়। শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন। 

যৌথ বাহিনী জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গণ-অভ্যুত্থান চলাকালীন সময়ে থানা থেকে শটগানটি লুট করা হয়। এরপর থেকেই গোয়েন্দা অভিযান চালানো হয়। আজ ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সাপমারী ও ভাতশালা ইউনিয়ন এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সাপমারী এলাকা থেকে শটগানসহ হারেজ মিয়াকে আটক করা হয়।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার বলেন, আটক হারেজ মিয়ার বিরুদ্ধে সদর থানায় সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল