১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

টাকাসহ জেলা জামায়াতের আমির আটক, যা বললেন জামায়াতপ্রার্থী দেলোয়ার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১১, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁওয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। ঢাকা থেকে ফেরার পথে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটকের ঘটনাকে ‘দুরভিসন্ধিমূলক, হয়রানি ও গভীর ষড়যন্ত্র’ বলে দাবি করেছেন ঠাকুরগাঁও-১ আসনের জামায়াত মনোনীত প্রার্থী দেলোয়ার হোসেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকালে ঠাকুরগাঁও শহরের একটি রেস্টুরেন্টে আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে দেলোয়ার হোসেন বলেন, আটককৃত বেলাল উদ্দিন প্রধান একজন শিক্ষক ও ব্যবসায়ী। তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক কাজেই ঢাকা গিয়েছিলেন। তার সঙ্গে থাকা টাকাগুলো সম্পূর্ণ বৈধ এবং ব্যবসায়িক লেনদেনের অংশ।

তিনি প্রশ্ন তোলেন, ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কঠোর নিরাপত্তা ও চেকিং পার হয়ে তিনি বিমানে উঠেছেন। সেখানে আইনশৃঙ্খলা বাহিনী তাকে বৈধতা দিয়েছেন বলেই তিনি আসতে পেরেছেন। কিন্তু সৈয়দপুরে নামার পর তাকে পুনরায় আটক করা স্পষ্টতই একটি পরিকল্পিত ষড়যন্ত্র।

জামায়াত প্রার্থী আরও বলেন, নির্বাচনের ঠিক আগমুহূর্তে ব্যাংক বন্ধ থাকায় ব্যবসায়িক প্রয়োজনে নগদ টাকা বহন করা ছাড়া উনার কোনো উপায় ছিল না। তাছাড়া তিনি কোনো টাকা বিতরণ করতে গিয়ে ধরা পড়েননি। একজন ব্যক্তি তার ব্যক্তিগত টাকা বিমানে আনবেন না বাসে আনবেন, তা সম্পূর্ণ তার ব্যক্তিগত বিষয়।

দেলোয়ার হোসেন জানান, তিনি ব্যক্তিগতভাবে ওই শিক্ষকের (জেলা আমির) বাসায় গিয়ে পরিবারের সঙ্গে কথা বলেছেন। ঠাকুরগাঁওয়ে তার সোনামণি নামে একটি গার্মেন্টস ব্যবসা রয়েছে এবং ওই টাকা ব্যবসারই অংশ।

এ সময় তিনি দাবি করেন, ওই টাকার সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। সংবাদ সম্মেলন থেকে তিনি অবিলম্বে হয়রানি বন্ধ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আটককৃতের মুক্তি দাবি করেন।

সংবাদ সম্মেলনে স্থানীয় জামায়াত নেতারা ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত