২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

আজও সায়েন্সল্যাব মোড় অবরোধ করেছে শিক্ষার্থীরা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১৫, ২০২৬ ৩:৪২ অপরাহ্ণ

প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ গঠনের দাবিতে আজও রাজধানীর সরকারি সাতটি কলেজের শিক্ষার্থীরা মাঠে নেমেছে। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের হালনাগাদকৃত খসড়ার দ্রুত অনুমোদন ও রাষ্ট্রপতির পক্ষ থেকে চূড়ান্ত অধ্যাদেশ জারির দাবিতে রাজধানীর সায়েন্সল্যাব মোড় অবরোধ করে তারা।

আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে এই অবরোধ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা।

পূর্ব ঘোষণা অনুযায়ী, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ ও বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা মিছিল নিয়ে এসে সাইন্সল্যাব মোড়ে অবস্থান নেন।

শিক্ষার্থীদের এই অবরোধের ফলে মিরপুর রোডসহ আশপাশের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা; অনেককেই বাস থেকে নেমে পায়ে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা গেছে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানিয়েছেন, দীর্ঘ প্রতীক্ষার পর সাত কলেজকে নিয়ে পৃথক বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা এলেও চূড়ান্ত অধ্যাদেশ জারিতে অযথা বিলম্ব করা হচ্ছে। একে কর্তৃপক্ষের ‘টালবাহানা’ হিসেবে আখ্যায়িত করে তারা বলেন, অবিলম্বে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ জারি না করা পর্যন্ত তারা সড়ক ছাড়বেন না। দাবি আদায় না হওয়া পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।

এর আগে গতকাল বুধবার (১৪ জানুয়ারি) ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ বাস্তবায়নের দাবিতে সায়েন্স ল্যাব, টেকনিক্যাল ও তাঁতীবাজার মোড় অবরোধ করেছিলেন শিক্ষার্থীরা।

একই দিনে, সহপাঠী হত্যার বিচার ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাজধানীর ফার্মগেট এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা। এসব অবরোধের ফলে দিনভর রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে তীব্র যানজট ও জনভোগান্তির সৃষ্টি হয়।

শিক্ষার্থীদের সড়ক অবরোধের বিষয়ে জানতে চাইলে ডিএমপি ট্রাফিক বিভাগের নিউ মার্কেট জোনের সহকারী পুলিশ কমিশনার তোহা ইসলাম বলেন, শিক্ষার্থীদের আন্দোলনের ফলে সড়কে যানজট তৈরি হয়েছে। যানজট কমাতে রাসেলস স্কয়ার থেকে নিউ মার্কেট পর্যন্ত ডাইভারশন দিয়েছি। আন্দোলনকারীদের রাস্তা থেকে সরাতে কাজ করতে ডিএমপির ক্রাইম বিভাগ।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল