১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

লেভানডোভস্কির হ্যাটট্রিকে বার্সার জয়

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ৮:২৮ পূর্বাহ্ণ

লা লিগায় রোববার (৯ নভেম্বর) রাতে লেভানডোভস্কির হ্যাটট্রিকে সেল্তা ভিগোকে ৪-২ গোলে পরাজিত করেছে শিরোপাধারী বার্সেলোনা। ম্যাচের প্রথমার্ধে দুবার পিছিয়ে পড়েও দুবারই সমতা ফেরে সেল্টা ভিগো। তবে পোলিশ স্ট্রাইকার লেভানডোভস্কির হ্যাটট্রিক এবং লামিনে ইয়ামালের গোলে দারুণ জয় নিয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্টের ব্যবধান কমাল হান্সি ফ্লিকের দল। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বার্সেলোনা এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে।

ম্যাচের দশম মিনিটে পেনাল্টি থেকে গোল করে বার্সেলোনাকে এগিয়ে নেন লেভানডোভস্কি। তবে পরের মিনিটেই পাল্টা আক্রমণে কারেইরার গোলে সমতা ফেরায় সেল্টা ভিগো। ৩৭তম মিনিটে রাশফোর্ডের ক্রসে ভলিতে নিজের দ্বিতীয় গোল করেন লেভানডোভস্কি। কিন্তু এবারও বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি বার্সা, দর্শনীয় গোলে সমতা ফেরান বোর্তা ইগলেসিয়াস। প্রথমার্ধের যোগ করা সময়ে ইয়ামালের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় সফরকারীরা।

দ্বিতীয়ার্ধে বার্সেলোনা ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। ৭৩তম মিনিটে রাশফোর্ডের কর্নারে হেড করে হ্যাটট্রিক পূর্ণ করেন লেভানডোভস্কি। এই ম্যাচে কোনো গোল না পেলেও, মার্কাশ ‌রাশফোর্ড তিনটি গোলে অবদান রাখেন। তবে ম্যাচের শেষ দিকে লাল কার্ড দেখায় পরের ম্যাচে অ্যাথলেতিক বিলবাওয়ের বিপক্ষে খেলতে পারবেন না পুরো ম্যাচজুড়ে অসাধারণ পারফর্ম করে যাওয়া ডাচ মিডফিল্ডার ফ্রেংকি ডি ইয়ং।

দিনের শুরুতে রিয়াল মাদ্রিদ গোলশূন্য ড্র করায়, বার্সেলোনা এখন তাদের চেয়ে মাত্র ৩ পয়েন্ট পিছিয়ে রয়েছে। আন্তর্জাতিক বিরতির পর আগামী ২২ নভেম্বর ঘরের মাঠে বিলবাওয়ের বিপক্ষে মাঠে নামবে বার্সেলোনা।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল