ঢাকা: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনায় সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়েছে। বেবিচকের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেছেন।
আগুন নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট কাজ করছে। আরও ১১ টি ইউনিট এতে যোগ দেওয়ার জন্য পথে রয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম।
মোহাম্মদ কাউছার মাহমুদ জানান, শনিবার ২টা ১৫ মিনিটে বিমানবন্দরের কার্গো এলাকায় হঠাৎ আগুন লাগে। ঘটনার পরপরই বিমানবন্দর ফায়ার সেকশন, বিমানবাহিনীর ফায়ার ইউনিট এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আসেনি। কাজ চলছে।
ঘটনাস্থল থেকে এক প্রত্যক্ষদর্শী জানান, প্রথমে কুরিয়ার গোডাউনে আগুন লাগে। এরপর আগুন ছড়িয়ে পড়ে। এখন আগুন দাউ দাউ করে চলছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণ চেষ্টা চালাচ্ছে।
আমদানিকারক প্রতিষ্ঠান এএফএম ট্রেড ইন্টারন্যাশনালের কর্মকর্তা মাহবুবুল আলম নিয়ন সমকালকে জানান, আজ দুপুর ১২টার দিকে আমরা আমদানি করা মালামাল কার্গো ভিলেজে রাখি। মালামালগুলো পুড়ে ছাই হয়ে গেছে।
ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, শনিবার দুপুর ২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ২টা ৩৪ মিনিটের দিকে শাহজালাল বিমানবন্দরের দিকে রওনা হয় চারটি ইউনিট। তারা ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
আগুন লাগার কারণ তাৎক্ষণিক জানা যায়নি। এখনও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।
চট্টগ্রাম গিয়ে অবতরণ করল ঢাকার ৮ ফ্লাইট
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো টার্মিনালে অগ্নিকাণ্ডের জেরে বিমানবন্দরের এয়ারফিল্ড আজ শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ফলে ফ্লাইট চলাচল ব্যাহত হচ্ছে এবং বিকেল ৫টা পর্যন্ত মোট আটটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ডাইভার্ট হয়ে অবতরণ করেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সর্বশেষ ঢাকাগামী আরও চারটি আন্তর্জাতিক ফ্লাইট চট্টগ্রামে অবতরণ করেছে। এর মধ্যে ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুটি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
উদ্ধার সহায়তায় ২ প্লাটুন বিজিবি
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো ভিলেজে লাগা আগুন ভয়াবহ আকার ধারণ করেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩১ ইউনিট। সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিমানবন্দরে উদ্ধার সহায়তায় ঘটনাস্থলে দুই প্লাটুন বিজিবি মোতায়ন করা হয়েছে।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
/ওএফএস


















