১৩ই মে, ২০২৬ | ৩০শে বৈশাখ, ১৪৩৩

দিল্লিতে গাড়িতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ১৩

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ১০, ২০২৫ ১০:০৮ অপরাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লির লালকেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় এই বিস্ফোরণে এখন পর্যন্ত নিহত বেড়ে ১৩ জন হয়েছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের কাছে একটি গাড়িতে বিস্ফোরণ ঘটে। এতে পাশে থাকা আরও তিন থেকে চারটি গাড়িতে আগুন ধরে যায়।

ভিডিওচিত্রে দেখা গেছে, মেট্রো স্টেশনের সামনে একাধিক গাড়িতে আগুন জ্বলছে, একটি ভ্যানের দরজা উড়ে গেছে এবং সড়কের পাশে আহত কয়েকজনকে পড়ে থাকতে দেখা গেছে।

দিল্লি পুলিশ জানিয়েছে, “এটি একটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণ।” ইতোমধ্যে ঘটনাস্থল ঘিরে ফেলা হয়েছে এবং এলাকায় উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বিস্ফোরণে আহতদের লোকনায়ক জয়প্রকাশ হাসপাতালে নেওয়া হয়েছে। স্থানীয়দের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, আশপাশের ভবন থেকেও আগুনের গোলা দেখা গেছে।

এক প্রত্যক্ষদর্শী বলেন, “আমি বারান্দা থেকে আগুনের বিশাল গোলা দেখেছি। বিস্ফোরণ এত জোরে হয়েছিল যে, আশেপাশের জানালার কাঁচ ভেঙে যায়।”

কর্তৃপক্ষ আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। লালকেল্লা পুরনো দিল্লির ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত, যা ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র।

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল