২৭শে জুলাই, ২০২৬ | ১২ই শ্রাবণ, ১৪৩৩

জেনে নিন মুখ বাঁকা ছাড়াও স্ট্রোকের এই লক্ষণগুলো

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ১, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ

মস্তিষ্কের রক্ত সরবরাহ ব্যাহত হওয়ার কারণে ঘটে স্ট্রোক। সাধারণত মুখ বেঁকে যাওয়া, হাত-পায়ের দুর্বলতা এবং কথা জড়িয়ে যাওয়া এর প্রধান লক্ষণ হিসেবে পরিচিত।

তবে মস্তিষ্কের কোন অংশ আক্রান্ত তার ওপর নির্ভর করে আরও বিভিন্ন অপ্রত্যাশিত উপসর্গ দেখা দিতে পারে। এগুলো চিহ্নিত করতে না পারলে চিকিৎসায় বিলম্ব হয় এবং মস্তিষ্কের স্থায়ী ক্ষতি হতে পারে।

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসক ডা. আফসানা হক নয়ন এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন।

স্ট্রোকের জরুরি লক্ষণ বোঝার জন্য বিশ্বব্যাপী ‘বি ফাস্ট’ (BE FAST) সংক্ষিপ্ত রূপটি ব্যবহৃত হয়।

‘বি’ (B) মানে ব্যালেনন্স (Balance)- হঠাৎ ভারসাম্য হারানো, মাথা ঘোরা বা টালমাটাল ভাব।

‘ই’ (E) হল ‘আইজ’ (Eyes)- দৃষ্টিশক্তির সমস্যা, যেমন- ঝাপসা দেখা, এক বা দুই চোখে দৃষ্টি কমে যাওয়া বা ডাবল ভিশন।

‘এফ’ (F) অর্থ ‘ফেইস’ (Face)- মুখের এক পাশ ঝুলে পড়া।

‘এ’ (A) মানে ‘আর্মস’ (Arms)- শরীরের এক পাশের হাত বা পা দুর্বল বা অসাড় হয়ে যাওয়া।

‘এস’ (S) হল ‘স্পিচ’ (Speech)- কথা বলতে বা বোঝাতে অসুবিধা।

‘টি’ (T) অর্থ ‘টাইম’ (Time)- লক্ষণ দেখা মাত্রই সময় নষ্ট না করে হাসপাতালে যাওয়া।

এছাড়া আরও কিছু লক্ষণ রয়েছে যা প্রায়ই উপেক্ষিত হয়।

হঠাৎ তীব্র মাথাব্যথা, যেন বিদ্যুতের ঝলকানি— বিশেষ করে ‘হেমোরেজিক স্ট্রোকে’র ক্ষেত্রে। এটি সাধারণ মাইগ্রেইন বা মাথাব্যথা নয়।

হঠাৎ বিভ্রান্তি বা স্মৃতিভ্রংশ— স্থান-কাল ভুলে যাওয়া বা সাধারণ নির্দেশ বুঝতে অক্ষমতা। এটি মস্তিষ্কের পেছনের অংশে স্ট্রোকের ইঙ্গিত হতে পারে।

কোনো সংক্রমণ ছাড়াই প্রচণ্ড বমি বমি ভাব বা বমি— বিশেষ করে ‘সেরিবেলাম’ অংশ আক্রান্ত হলে।

শরীরের এক পাশে ঝিনঝিন বা তীব্র জ্বালা অনুভূতি, প্যারালাইসিস বা অবশ হওয়া ছাড়াই। কিছু ক্ষেত্রে আচরণগত পরিবর্তন— অকারণ বিষণ্নতা, রাগ বা ব্যক্তিত্বের অস্বাভাবিক পরিবর্তন।

ডা. আফসানা হক জোর দিয়ে বলেন, “স্ট্রোকের চিকিৎসা সময়নির্ভর। লক্ষণ দেখা মাত্রই জরুরি বিভাগে যাওয়া উচিত। প্রথম কয়েক ঘণ্টায় চিকিৎসা শুরু করলে মস্তিষ্কের ক্ষতি অনেকাংশে কমানো যায় এবং পুনর্বাসনের সম্ভাবনা বাড়ে।”

এই লক্ষণগুলো জেনে রাখলে নিজে এবং পরিবারের সদস্যদের জীবন রক্ষা করা সম্ভব। যে কোনো অস্বাভাবিক উপসর্গ দেখলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

/এনএ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত