১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ট্রেন্ডে ন্যানো ব্যানানা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫ ১:৪৫ অপরাহ্ণ

কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় প্রতিদিনই নতুন কিছু ট্রেন্ড তৈরি হচ্ছে। সৃজনশীলতা, বিনোদন থেকে শুরু করে দৈনন্দিন কাজের সবখানে এআই এখন অপরিহার্য অংশ। প্রযুক্তির এমন কল্যাণে সোশ্যাল মিডিয়ায় প্রতিদিনই নতুন ট্রেন্ড সামনে আসছে। কয়েক মাস আগে ঘিবলি আর্ট নিয়ে হইচই পড়েছিল নেটিজেনে।

নতুন করে আলোচনায় আসছে একেবারে ভিন্নধর্মী ট্রেন্ড গুগল জেমিনি ‘ন্যানো ব্যানানা এআই’ তৈরি থ্রিডি ফিগারিন ইমেজ।

ইনস্টাগ্রাম, ফেসবুক থেকে টুইটার– সবখানে চোখে পড়ছে মানুষের মিনিয়েচার থ্রিডি ছবি। টলিউড থেকে বলিউড, বিনোদন জগতের তারকারা পিছিয়ে নেই নতুন ট্রেন্ডে গা ভাসাতে। সাধারণ গ্রাহক থেকে সেলিব্রিটি, সবাই নিজস্ব ত্রিমাত্রিক ছবির মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় যেন সরব হয়েছেন।

ট্রেন্ড যেভাবে এলো

গুগল ডিপমাইন্ড চালু করেছে নতুন ইমেজ এডিটিং ও জেনারেশন ফিচার ন্যানো ব্যানানা। চলতি সময়ে এটি এখন জেমিনি অ্যাপের সবচেয়ে আলোচিত ফিচারে পরিণত হয়েছে।

২০২৫ সালের আগস্টে ‘জেমিনি ২.৫ ফ্ল্যাশ ইমেজ’ মডেলের সঙ্গে এই ফিচার চালু হয়। আগ্রহীরা তাদের যে কোনো ছবি বা পোষা প্রাণীর ছবি মাত্র কয়েক সেকেন্ডে থ্রিডি ফিগারিন আকারে রূপান্তর করতে পারছেন। সাধারণত কোনো প্রফেশনাল স্কিল ছাড়াই শুধু প্রম্পট ব্যবহার করা যায় বলে এটি সারাবিশ্বে রাতারাতি সোশ্যাল ট্রেন্ড হয়ে উঠেছে।

ন্যানো ব্যানানার কোটি ভক্ত

ন্যানো ব্যানানা ফিচার চালুর পর মাত্র কয়েক সপ্তাহে জেমিনি অ্যাপে কোটির বেশি আগ্রহী যুক্ত হয়েছেন। এখন পর্যন্ত ২০ কোটির বেশি গ্রাহক এই ইমেজ তৈরি ও এডিট করেছেন।

বিশ্লেষকরা বলছেন, টিকটক ও ইনস্টাগ্রাম ট্রেন্ডের মতো ন্যানো ব্যানানা সোশ্যাল মিডিয়ার দ্রুততম ছড়িয়ে পড়া এআই ট্রেন্ডে ইতোমধ্যে জায়গা করে নিয়েছে।

কীভাবে তৈরি হয় এই ছবি

দৃশ্যমান সব ট্রেন্ডিং ছবিতে দেখা যাচ্ছে কম্পিউটার টেবিল। যার একপাশে রাখা ডেস্কটপ, কি-বোর্ড, মাউস বা টেবিল ক্যালেন্ডার। কিন্তু আসল চমক থাকে টেবিলের শোপিসে। কাচ বা ফাইবারের বেসের ওপর ছোট্ট মূর্তি, যা মূলতগ্রাহকের ত্রিমাত্রিক অবয়ব।

অনেকেই নিজেদের সঙ্গে প্রিয়জন বা পোষা প্রাণীর থ্রিডি ইমেজ তৈরি করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।

আসলে এটি কী

বহুল আলোড়ন সৃষ্টি করা সব ছবি তৈরি করছে গুগল জেমিনি ন্যানো ব্যানানা এআই প্রযুক্তি। গুগলের জেমিনি এআই প্রযুক্তি উদ্ভাবিত এই ফিচার ব্যবহার করে তৈরি করা সম্ভব মিনিয়েচার থ্রিডি ফিগারিন ইমেজ। অবিকল ঘিবলি আর্টের মতো সহজ ও জনপ্রিয় হয়ে উঠেছে এই নতুন ধারা। বিশেষ কোনো পেশাদার দক্ষতার প্রয়োজন নেই। সাধারণত আগ্রহীরা সহজেই এই ইমেজ তৈরি করতে পারেন।

/আরপিকে

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত