১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে ঘোড়ার মাংস জব্দ, কারবারিরা পলাতক

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
আগস্ট ২৮, ২০২৬ ১২:৩২ অপরাহ্ণ

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতীত ঘোড়া জবাই করে মাংস পাচারের চেষ্টার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে। পুলিশ সে চক্রটিকে ধরতে না পারলেও ঘোড়ার মাংস জব্দ করেছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে উপজেলার নলকুড়া ইউনিয়নের পশ্চিম ভালুকা ফরহাদের বাড়ির পিছনে ফুলহারি এলাকায় এ ঘটনা জানিয়েছেন ঝিনাইগাতী থানার এসআই কানাই লাল চক্রবর্তী।

এসআই কানাই লাল চক্রবর্তী বলেন, ওই এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ঘোড়া জবাই করে মাংস বিক্রির সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে। বিষয়টি নিয়ে স্থানীয়রা দীর্ঘদিন ধরে খোঁজখবর রাখছিলেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে তারা ওই এলাকায় জবাই করা ঘোড়ার মাংস দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাংসের নমুনাসহ প্রয়োজনীয় আলামত সংগ্রহ করে। কিন্তু তার আগেই কারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

“ঘটনাস্থল একটি ঘোড়ার মাংসের আলামত পাওয়া গেছে। সেখান থেকে ২ কেজি পরিমাণ মাংসের নমুনা সংগ্রহ করা হয়েছে। বাকি মাংসগুলো স্থানীয়রা মাটি চাপা দিয়েছে।”

এসআই কানাই আরও বলেন, “তদন্ত করে জড়িত কারবারিদের শনাক্ত করার চেষ্টা অব্যাহত রয়েছে। কয়েকজনের নাম পরিচয় পাওয়া গেছে। এগুলো যাচাই-বাছাই করে দেখা হচ্ছে।”

একই সঙ্গে ঘোড়ার মাংস কোথায় বিক্রির উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল এবং এ ঘটনায় জড়িত কারবারীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান ও তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

/কেকে

সর্বশেষ - লাইফস্টাইল