১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

শেরপুরে বিশেষ ক্ষমতা আইনে আওয়ামী লীগ নেতা রঞ্জিত চন্দ্র গ্রেপ্তার

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
আগস্ট ১৩, ২০২৬ ৭:১৩ অপরাহ্ণ

শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলায় বিশেষ ক্ষমতা আইনের একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের লছমনপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি রঞ্জিত চন্দ্র দে (৬৫) কে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে শেরপুর শহরের নয়ানী বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

রঞ্জিত চন্দ্র দে লছমনপুর ইউনিয়নের মৃত নরেশ চন্দ্র দে ও রেখা রানী দের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, শেরপুর সদর থানার বিশেষ ক্ষমতা আইন মামলায় (নম্বর-১৩) এর আসামি হিসেবে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
​মামলাসূত্রে জানা গেছে, গত ০২ নভেম্বর ২০২৫ তারিখে রাত আনুমানিক ১২ টায় অভিযুক্ত রঞ্জিত চন্দ্র দে সহ অন্যান্য আসামিরা দেশীয় অস্ত্র, রামদা, হকি স্টিক, বাঁশের লাঠি এবং ইট-পাটকেল নিয়ে বেআইনিভাবে সংগঠিত হন। তাঁরা মশাল জ্বালিয়ে বিক্ষোভ মিছিল বের করে অন্তর্বর্তীকালীন সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান দেন এবং এলাকায় ভীতি ও ত্রাস সৃষ্টি করেন।

​মামলার তদন্তকারী কর্মকর্তা এস.আই (নিরস্ত্র) মো. এনামুল হক সিদ্দিকী জানান, ঘটনার সাথে আসামির জড়িত থাকার প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের স্বার্থে তাঁকে জেলহাজতে আটকে রাখার আবেদন জানিয়ে শেরপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে অব্যাহত রয়েছে।

এ ব্যাপারে শেরপুর সদর থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) মো. সোহেল রানা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নাশকতা মামলায় তাঁকে আটক করা হয়েছে।

এফকে/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত