শেরপুর: শেরপুরে খাদ্যবান্ধব কর্মসূচির ৩৩ টন সরকারি চাল জব্দ করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) মধ্যরাত সাড়ে ১২টার দিকে পৌর শহরের চাপাতলী এলাকার জেবীন রাইস প্রসেসিংয়ের গোডাউন থেকে এই চাল জব্দ করা হয়। এ ঘটনায় গোডাউন মালিক মো. বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে।
বোরহান উদ্দিন পৌর শহরের কসবা কাঠগড় এলাকার বাবুল মিয়ার ছেলে। জব্দকৃত চালের বাজারমূল্য ১৬ লাখ টাকা ২২ হাজার টাকা।
পুলিশ জানায়, জেলা শহরের চাপাতলী মহল্লায় বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা পরিবর্তন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। এ সময় চলতি বছরের জুন মাসের সরকারি খাদ্য বান্ধব চাল এর সীলমোহরকৃত ৩৩ টন চাল পাওয়া যায়।
অভিযানের সময় দেখা যায়, অন্যত্র পাচারের উদ্দেশ্য খাদ্য অধিদপ্তরের ৫০ কেজি ওজনের ৫০০ বস্তা এবং ৩০ কেজি ওজনের ২৭০ বস্তা মোট ৭৭০ বস্তা ভর্তি ৩৩ টন ১০০ কেজি চাল রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সহকারী কমিশনার (ভূমি) মো. মাহমুদুল হাসান জানায়, খাদ্যদ্রব্য উৎপাদন, মজুত, স্থানান্তর পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপণন ক্ষতিকর কার্যক্রম ২০২৩ এর ৫ এর ক ও খ এবং ৬ ধারা মোতাবেক উপযুক্ত বিচারের জন্য জুডিশিয়াল আদালতে মামলা দায়ের করার জন্য সদর থানার ওসিকে নির্দেশনা দেওয়া হয়েছে। একই সাথে আটকৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করার নির্দেশ দেওয়া হয়।
শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোহেল রানা বলেন, “আটক ব্যক্তিকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
/টিটি


















