২৮শে জুলাই, ২০২৬ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩

শেরপুর-৩ আসনের নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
মার্চ ১৫, ২০২৬ ৬:৫৫ অপরাহ্ণ

শেরপুর: জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে বাতিল হওয়া শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের নির্বাচনে বৈধ প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে।

রবিবার (১৫ মার্চ) সকালে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে প্রতীক বরাদ্দ করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।
ওইসময় জামায়াত প্রার্থী মো. মাসুদুর রহমান মাসুদের মাঝে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ দেওয়া হয়। এর আগে বিএনপি প্রার্থী মো. মাহমুদুল হক রুবেলকে ধানের শীষ ও বাসদ (মার্কসবাদী) প্রার্থী মিজানুর রহমানের মাঝে কাঁচি প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এদিকে এ নির্বাচনে মোট পাঁচজন বৈধ প্রার্থী থাকলেও তাদের মধ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু তালেব মো. সাইফুদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী আমিনুল ইসলাম বাদশা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় মোট তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
প্রতীক বরাদ্দকালে সহকারী রির্টার্নিং অফিসার ও শ্রীবরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান, সহকারী রির্টার্নিং অফিসার ও ঝিনাইগাতী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. জহিরুল হকসহ বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শেরপুর-৩ আসনে জামায়াত মনোনীত প্রার্থীর মৃত্যুজনিত কারণে গত ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বাতিল হয়। পরে আগামী ৯ এপ্রিল এ আসনে নির্বাচনের ভোট গ্রহণের পুনঃতফসিল ঘোষণা করে ইসি। প্রয়োজন না থাকায় এ আসনে গণভোট অনুষ্ঠিত হবে না।

/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল