১০ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৬শে ভাদ্র, ১৪৩৩

নকলায় বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
ফেব্রুয়ারি ১৭, ২০২৬ ১১:২৩ অপরাহ্ণ

শেরপুর: শেরপুরের নকলা উপজেলায় সেচ যন্ত্রের বিদ্যুৎ লাইনে সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার ৫ নম্বর বানেশ্বরদী ইউনিয়নের পুলাদেশি গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- পুলাদেশি গ্রামের মিরা মিয়ার ছেলে মিন্টু মিয়া (৫৫) এবং একই গ্রামের উবেদ আলীর ছেলে আঙ্গুর (৫০)। আহত হয়েছেন একই গ্রামের সামাত মিয়ার ছেলে সামিরুল (৬০)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কৃষিজমিতে কাজ করার সময় সেচের বিদ্যুৎ লাইন ধানের জমিতে পড়ে গেলে প্রথমে একজন বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে বাঁচাতে গিয়ে আরও দুইজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। খবর পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করা হয়।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিপন চন্দ্র গোপ জানান, সেচ যন্ত্রের বিদ্যুৎ লাইনে সংযোগ থেকে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। 

/টিটি

সর্বশেষ - লাইফস্টাইল