১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

তারেক রহমানের নির্দেশে সরে দাঁড়ালেন শেরপুর-৩ আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী বাদশা

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
জানুয়ারি ২৭, ২০২৬ ১০:১৯ অপরাহ্ণ

শেরপুর: বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের বিএনপির বিদ্রোহী প্রার্থী, সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ ময়দানে আয়োজিত নির্বাচনী সমাবেশ শেষে তারেক রহমান ওই আসনের দলীয় বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা এবং ধানের শীষ প্রতীকের প্রার্থী মাহমুদুল হক রুবেলকে ডেকে নেওয়া হয়।
এ সময় তারেক রহমানকে বহনকারী গাড়িতে দুজনকে সামনাসামনি বসিয়ে ঘরের ছেলে ঘরে ফিরে আসার আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান। পরে তারেক রহমানের কথায় রাজি হন বাদশা।
এরপর উভয় নেতা কোলাকুলি শেষে সেখান থেকে বের হয়ে বাদশা উপস্থিত সংবাদকর্মীদের সামনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো এবং ধানের শীষ প্রতীকের প্রার্থীর সঙ্গে কাজ করার ঘোষণা দেন।
এ সময় বিএনপি প্রার্থী মাহমুদুল হক রুবেলও তাকে সম্মান দেখিয়ে আগামী দিনে তার পাশে থেকে নির্বাচনে কাজ করার আহ্বান জানান। সেইসঙ্গে নির্বাচনের পরে তাকে দলে যথাযথ মূল্যায়ন করা হবে বলেও আশ্বাস দেন।
এদিকে বিএনপির দলীয় প্রধানের নির্দেশে বিদ্রোহী প্রার্থী আমিনুল ইসলাম বাদশা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ায় তার নির্বাচনী এলাকায় বিএনপিসহ ধানের শীষের সমর্থকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এতে ভোটের মাঠেও ভিন্ন সমীকরণ দেখা দিতে পারে বলে পর্যবেক্ষকরা ধারণা করছেন।
আমিনুল ইসলাম বাদশা ঝিনাইগাতী উপজেলার তৃণমূল থেকে উঠে আসা একজন বিএনপি নেতা। তিনি ইউপি সদস্য থেকে শুরু করে ইউপি চেয়ারম্যান হওয়ার পাশাপাশি তিন দফায় নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান। যার কারণে এলাকায় তাঁর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

কেকে/এসএফ

সর্বশেষ - লাইফস্টাইল