১২ই সেপ্টেম্বর, ২০২৬ | ২৮শে ভাদ্র, ১৪৩৩

ঝিনাইগাতীতে গ্রামীণ ব্যাংকের হাতিবান্ধা শাখায় আগুন

প্রতিবেদক
নিউজ এডিশন ডেস্ক
নভেম্বর ২০, ২০২৫ ১:৩২ পূর্বাহ্ণ

শেরপুর: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকের হাতীবান্ধা শাখায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৭ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।

অগ্নিকাণ্ডের ঘটনাটি ঝিনাইগাতী ও শেরপুরের ছাত্রলীগের বেশ কয়েকজন সাবেক নেতার ফেইসবুক আইডি থেকে ভিডিও ফুটেজ শেয়ার করা হয়েছে। একটি ভিডিও ফুটেজে দেখা যায় মুখে কাপড় প্যাঁচানো একজন লাঠির মাথায় কাপড়ে পেট্রোল ঢেলে সাইনবোর্ডে আগুন ধরিয়ে দিচ্ছেন। আরেকটি ভিডিও তে দেখা যায় বোতল থেকে পেট্রোল ছিটিয়ে আগুন দিচ্ছে। এসময় তারা প্রধান উপদেষ্টাকে কটাক্ষ করে স্লোগান দিতে থাকে। এ আগুনে হাতিবান্ধা শাখার সাইনবোর্ডে আগুন জ্বলতে দেখা যায়। মুখে কাপড় প্যাঁচানো থাকায় কারও চেহারা স্পষ্টভাবে দেখা যায়নি।
এদিকে এলাকাবাসী জানান, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী কর্মীরাই এ ঘটনা ঘটিয়েছে।
গ্রামীণ ব্যাংক হাতিবান্ধা শাখার কর্তৃপক্ষ জানায়, এলাকাবাসী তাৎক্ষণিক আগুন নিভিয়ে ফেলায় অফিসের কোনো কিছুই ক্ষতিগ্রস্ত হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে।


ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা, আগুন দেওয়ার সাথে সাথে নিভিয়ে ফেলা হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ চলমান রয়েছে।

/ওএফএস

সর্বশেষ - লাইফস্টাইল